ইন্টারনেটে প্রচারণায় ওবামা রমনির চেয়ে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে প্রচারণায় বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামা তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির চেয়ে এগিয়ে আছেন। গতকাল বুধবার প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ইন্টারনেটের ব্যবহার এবার ২০০৮ সালের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় দেখা গেছে, ওবামা ভোটারদের আকৃষ্ট করতে ও নির্বাচনী তহবিল সংগ্রহ করার কাজে ইন্টারনেট বিশেষ করে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার ব্যবহার করছেন। এই ডিজিটাল প্রচারণায় প্রতিদ্বন্দ্বী রমনির চেয়ে অনেক এগিয়ে ওবামা।গবেষণায় দেখা গেছে, রমনির দল দিনে গড়ে একটি টুইট করছে। আর ওবামার দল গড়ে টুইট করছে ২৯টি। নির্বাচনী প্রচারণার নিজস্ব ওয়েবসাইটে রমনির চেয়ে ব্লগ পোস্ট প্রায় দ্বিগুণ, ইউটিউবে ভিডিও ফুটেজ দেওয়ার ক্ষেত্রেও ওবামা এগিয়ে আছেন রমনির চেয়ে।ওবামা ডিজিটাল প্রযুক্তিতে মূলত হিস্পানিক, নারী ও তরুণ প্রজন্মকে লক্ষ্য করে প্রচারণা চালাচ্ছেন।পিউ রিসার্চ সেন্টারের এক বিবৃতিতে বলা হয়, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভোটারদের কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে রমনিকে ছাড়িয়ে গেছেন ওবামা। এএফপি।