ইন্টারনেটে মমতার ব্যঙ্গচিত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ব্যঙ্গচিত্র ইন্টারনেটে দেওয়ার অভিযোগে গতকাল শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ব্যঙ্গচিত্রে সরকারের বিরুদ্ধাচরণ করা হয়েছে বলে পুলিশের অভিযোগ। গ্রেপ্তারের আগের দিন বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের ওপর হামলা চালান মুখ্যমন্ত্রী মমতার দল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এ সময় তিনি বাসায় ফিরছিলেন। অম্বিকেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক।অম্বিকেশ মহাপাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অবমাননাকর কিছু ছবি ইন্টারনেটের মাধ্যমে অসংখ্য গ্রহীতার কাছে পাঠিয়ে দেন এবং রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের নীতি উপহাস করে মন্তব্য করেন।কলকাতা পুলিশের উপকমিশনার সুজয় চন্দ বলেন, ‘অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর বার্তা ছড়িয়ে দেওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।’ মানহানির শিকার এই ‘সম্মানিত ব্যক্তিরা’ কারা, সে বিষয়ে অবশ্য পুলিশ কর্মকর্তা কিছু বলেননি। পুলিশ ওই শিক্ষকের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ এনেছে। গতকাল বিকেলে ওই অধ্যাপককে আলীপুর আদালতে হাজির করা হলে বিচারক দুজনকেই জামিনে মুক্তি দেন।এদিকে ব্যঙ্গচিত্র প্রচার করার অভিযোগে একজন অধ্যাপককে গ্রেপ্তার করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে। তাঁরা বলেছেন, ব্যঙ্গচিত্র আঁকা তো অপরাধ নয়। রাজনৈতিক নেতাদের ব্যঙ্গচিত্র তো সর্বত্রই আঁকা হয়। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতার ভাষ্য, ‘অন্যায় করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’ ঘটনার প্রতিবাদে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন। কলকাতার বুদ্ধিজীবীরা এ ঘটনার নিন্দা করে বলেছেন, এটা মানুষের মৌলিক অধিকারের ওপর এক হস্তক্ষেপ।