ভারতের বিহার রাজ্যে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদির জনসভার কাছে সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুই ‘জঙ্গিকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। সমাবেশের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। গতকাল সোমবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে তেহসিন আখতার (২৩) হলেন হামলার মূল পরিকল্পনাকারী। দুজনই ইসলামি জঙ্গিগোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য। সর্বশেষ উদ্ধার মৃতদেহটিও মুজাহিদিনের এক কর্মীর।
রোববার পাটনা শহরে মোদির জনসভা শুরুর আগে সাতটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে তাৎক্ষণিক পাঁচজন নিহত ও ৮৩ জন আহত হন। রোববার গভীর রাতে জনসভাস্থলের কাছ থেকে আরও একজনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হূদেরাগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে চিকিৎসকেরা জানান।
গতকাল পুলিশ জানায়, দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি ১৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মনু মহারাজ জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, অন্তত ছয়জন জঙ্গি তাদের ব্যাগে ওই বোমাগুলো বহন করছিল। গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন জঙ্গি ‘ইমতিয়াজ’ জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁর দেওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গত রোববার সংবাদ সম্মেলন করে ওই হামলার নিন্দা জানান। তবে এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকা কিংবা নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ অস্বীকার করেন।
তবে বিজেপি অভিযোগ করেছে, স্থানীয় প্রশাসন সমাবেশে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বিজেপির সভাপতি রাজনাথ সিং বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে বলেন, মোদির নিরাপত্তা দিতে কেন্দ্র যথাযথ ব্যবস্থা নিয়েছিল। এএফপি।