ইন্ডিয়ান মুজাহিদিনের চার সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজস্থানে গতকাল রোববার জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সন্দেহভাজন চার সদস্যকে আটক করা হয়েছে। দিল্লির সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) ও জয়পুর পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী হামলার সতর্কতা জারির পর এ গ্রেপ্তারের ঘটনা ঘটল।
নিরাপত্তা বাহিনী দাবি করেছে, চারজনের একজনকে ২৫০ কেজি বিস্ফোরকসহ রাজস্থান রাজ্যের জোধপুর থেকে আটক করা হয়। অন্য তিনজন ধরা পড়েন জয়পুরে। জঙ্গিদের আটক করার মাধ্যমে বড় ধরনের একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাত করা হয়েছে।
সর্বশেষ খবরে বলা হয়, চারজন আটক হলেও সন্দেহভাজন অনেক জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে তাদের ধরতে রাজস্থানের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
আটক চারজনের মধ্যে ইন্ডিয়ান মুজাহিদিনের জঙ্গি ওয়াক্কাস ওরফে আহমেদ জাভেদ রয়েছেন। পাকিস্তানের নাগরিক ওয়াক্কাস ভারতের গয়া, পাটনা, জাভেরি বাজার ও দিলসুখনগরে বোমা হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করে ভারতের নিরাপত্তা বাহিনী। ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএন) পরোয়ানাভুক্ত এই জঙ্গির মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করেছিল। এ ছাড়া আর কিছুদিন পরই ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের সন্ত্রাসী হামলার বিষয়ে আগেই সতর্ক করে দিয়েছিল দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। আগামী ৭ এপ্রিল থেকে এ নির্বাচন শুরু হচ্ছে।
সম্প্রতি কিছু খবরে বলা হয়, আসন্ন নির্বাচনে বিশেষ করে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের জীবন হুমকিতে পড়তে পারে। এমন খবরের প্রেক্ষাপটে দলটির নেতাদের একটি প্রতিনিধিদল গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দের সঙ্গে সাক্ষাৎ করে। অবশ্য, মন্ত্রী বিজেপি নেতাদের প্রতি এ ধরনের সম্ভাব্য হামলার হুমকিসংক্রান্ত কোনো তথ্য থাকার খবর অস্বীকার করেন। বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান। জি নিউজ।