ইন্দিরা ভবনকে ‘জ্যোতি বসু সংগ্রহশালা’ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর মৃত্যুর পর তাঁর সরকারি বাসভবন ইন্দিরা ভবনকে ‘জ্যোতি বসু সংগ্রহশালা’ করার দাবি উঠেছে। ১৯২০ সালে জ্যোতি বসুর বাবার কেনা ৫৫/এ -এর হিন্দুস্তান পার্কের বাড়িতেই মূলত জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন জ্যোতি বসু। ১৯৭১ সালের দিকে কলকাতার সল্টলেকের ডিই ব্লকে কলকাতায় সফরে এসে প্রধানমন্ত্রীদের অবস্থান করার জন্য একটি অতিথিশালা গড়ে ভারত সরকার। মূলত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সফর ঘিরে সে দিন করা হয় এই অতিথিশালা। প্রথম এখানে উঠেও ছিলেন ইন্দিরা গান্ধী। তারপর দীর্ঘদিন এই অতিথিশালা বন্ধই থাকে। অবশেষে ১৯৮৬ সালের দিকে চিকিত্সকেরা জ্যোতি বসুকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে নিষেধ করায় জ্যোতি বসু বছরতিনেকের জন্য ওঠেন রাজভবনে। তারপর ১৯৮৯ সালে ওঠেন সল্টলেকের এই ইন্দিরা ভবনে। এ বছরের ১ জানুয়ারি অসুস্থ হওয়ার আগের দিন পর্যন্ত তিনি ছিলেন এই ইন্দিরা ভবনেই।জ্যোতি বসুর প্রয়াণে শূন্য হয়ে যায় এই ইন্দিরা ভবন। গত রোববার এই মহান নেতা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখন ইন্দিরা ভবনকে জ্যোতি বসুর স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য একটি সংগ্রহশালা গড়ার দাবি তুলেছে পশ্চিমবঙ্গের মানুষ।এ ছাড়া কলকাতার একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম জ্যোতি বসুর নামে করারও দাবি উঠেছে। মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কলকাতার ঐতিহ্যবাহী টাউন হলে জ্যোতি বসুর একটি আর্কাইভ গড়ারও পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।এদিকে পশ্চিমবঙ্গের পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী বলেছেন, যে চেয়ারটিতে বসে জ্যোতি বসু দীর্ঘদিন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই চেয়ারটিও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বিধানসভা ভবনের সামনে জ্যোতি বসুর একটি আবক্ষ মূর্তি স্থাপনেরও দাবি উঠেছে।জ্যোতি বসুর চোখের কর্নিয়া দুই দৃষ্টিহীনের চোখেজ্যোতি বসু মৃত্যুর প্রায় সাত বছর আগে ২০০৩ সালের ৪ এপ্রিল জ্যোতি বসু দান করেন তাঁর দেহ ও দুটি চোখ। সেদিন চোখ আর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করে জ্যোতি বসু বলেছিলেন, ‘মৃত্যুর পরও আমার দেহ কাজে লাগবে, এটা ভেবে ভালোই লাগছে। আরও ভালো লাগছে, আমার দেহ চিকিত্সাবিজ্ঞানের কাজে লাগবে জেনে।’রোববার দুপুর পৌনে ১২টার দিকে জ্যোতি বসু মারা যান। দুপুর একটার সময় শশ্রুত আই ফাউন্ডেশনের পরিচালক রতীশচন্দ্র পাল এসে তুলে নিয়ে যান জ্যোতি বসুর দুটি চোখের কর্নিয়া। সেই কর্নিয়াই সোমবার দুই দৃষ্টিহীনের চোখে প্রতিস্থাপন করা হয়। কিন্তু কার কার চোখে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়, তা অবশ্য গোপন রাখা হয়। তবে প্রতিস্থাপন করার পর চিকিত্সক জানিয়েছেন, ভালোভাবেই কর্নিয়া সংযোজন করা হয়েছে।