ইন্দিরা ভবনের নাম পাল্টে কবি নজরুল ইসলামের নামে করার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন জোটের শরিক কংগ্রেস। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার থেকে কলকাতার বিড়লা তারামণ্ডল চত্বরে যুব কংগ্রেসের ডাকে শুরু হয়েছে অবস্থান আন্দোলন।যুব কংগ্রেসের দাবি, কবি নজরুল ইসলাম তাদের কাছেও শ্রদ্ধেয়। রাজ্যের প্রতিটি জেলায় নজরুল একাডেমী, সংগ্রহশালা ও নজরুল গবেষণাকেন্দ্র হোক, এটা তারাও চায়। কিন্তু ঐতিহাসিক ইন্দিরা ভবনকে নজরুল একাডেমি করার পক্ষপাতী তারা নয়। এরই মধ্যে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা এ দাবির কথা তুলে ধরেছে।বিড়লা তারামণ্ডল চত্বরে যুব কংগ্রেসের ডাকা অবস্থান আন্দোলনে যোগ দিয়েছেন রাজ্য কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্যসহ যুব কংগ্রেসের কয়েক শ নেতা-কর্মী। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সাংসদ মৌসুম নূর।মমতা বন্দ্যোপাধ্যায় গত ২৮ ডিসেম্বর রাজ্য সচিবালয় মহাকরণে ঘোষণা দেন, ইন্দিরা ভবনের নাম পরিবর্তন করে রাখা হবে নজরুল ভবন।পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু জীবনের শেষ ২০টি বছর কাটিয়েছেন ইন্দিরা ভবনে। ২০১০ সালের ১৭ জানুয়ারি জ্যোতি বসু মারা যান। ১৯৭২ সালে কংগ্রেসের জাতীয় অধিবেশনে যোগ দিতে আসা ইন্দিরা গান্ধীর থাকার জন্য ভবনটি তৈরি করা হয়। তখন ভবনটির চাল ছিল খড়ের। পরে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় ভবনটি পাকা করেন। এটিকে রাজ্যের অতিথিশালায় পরিণত করা হয়। এরপর জ্যোতি বসুর বসবাসের জন্য ভবনটি বরাদ্দ করে তৎকালীন বামফ্রন্ট সরকার।