ইন্দোনেশিয়া ৭ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করায় মর্মাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক পাচারের মামলায় দোষী সাব্যস্ত সাত বিদেশিসহ আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করায় ‘গভীরভাবে মর্মাহত’ হয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এই একবিংশ শতাব্দীতে ‘মৃত্যুদণ্ডের কোনো জায়গা নেই।’ খবর এএফপি ও বিবিসির।
বান কি মুন তাঁর বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় থাকা অন্যদের দণ্ড কার্যকর করা থেকে ইন্দোনেশিয়াকে বিরত থাকার আহ্বান জানান।
দুই অস্ট্রেলীয় ও একজন ইন্দোনেশীয় নাগরিকসহ আটজনকে গত মঙ্গলবার মধ্যরাতে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। এ নিয়ে কূটনৈতিক উত্তেজনা শুরু হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই আটজনের মধ্যে ছিলেন এন্ড্রু চ্যান ও মাইয়ুরান সুকুমারান নামের দুই অস্ট্রেলিয়ার নাগরিক। ইন্দোনেশিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার অতীতে সুসম্পর্ক থাকলেও এ ঘটনা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট এ ঘটনাকে ক্যানবেরা-জাকার্তা সম্পর্কের ‘কালো মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন। অস্ট্রেলিয়া ঘটনার প্রতিবাদে এরই মধ্যে জাকার্তায় নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে।
ফিলিপাইনে উদ্যাপন: ওই আটজনের সঙ্গে ফিলিপাইনের এক নারীরও মৃত্যুদণ্ড কার্যকর করার কথা থাকলেও দেশটির সরকারের এক উদ্যোগের ফলে শেষ মুহূর্তে তা স্থগিত করে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। এ কারণে ফিলিপাইনের লোকজন রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেছে।
ম্যারি জেন ভেলোসো নামের ওই ফিলিপিনো নারী দাবি করে আসছিলেন, মারিয়া ক্রিস্টিনা সার্গিও নামের আরেক নারী তাঁর কাছে মাদক সামগ্রী দিয়েছিলেন। চলতি সপ্তাহে অপ্রত্যাশিতভাবে সার্গিও ফিলিপাইনের পুলিশের হাতে ধরা দেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি ইন্দোনেশিয়াকে জানানোর পরই ভেলোসোর দণ্ড কার্যকর করা শেষ মুহূর্তে স্থগিত করা হয়।
এ ছাড়া স্যার্জ আতলাউয়ি নামের এক ফরাসি নাগরিকও দণ্ড কার্যকরের তালিকায় ছিলেন। তবে তাঁর ক্ষমা প্রার্থনার একটি আবেদনের নিষ্পত্তি এখনো হয়নি।