ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে গতকাল মঙ্গলবার ভূমিকম্পের পর বাড়িঘর ত্যাগ করছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। ছবি : রয়টার্স।
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে গতকাল মঙ্গলবার ভূমিকম্পের পর বাড়িঘর ত্যাগ করছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। ছবি : রয়টার্স।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে গতকাল মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ১। এতে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয় ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে মারা গেছে ২২ জন। আজ বুধবার বিবিসি অনলাইন ও ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন মুখপাত্রের বরাত দিয়ে খবরে জানানো হয়, আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহের কাছে গতকাল এই ভূকম্পন অনুভূত হয়। এর স্থায়িত্ব ছিল প্রায় ১৫ সেকেন্ড। এতে ওই এলাকার হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়ে ও ভূমিধসের ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়। উদ্ধারকাজ চলছে। ভূমিকম্পে আচেহর একটি মসজিদ বিধ্বস্ত হয়ে ছয় শিশু মারা গেছে। ১৪ জন শিশু মসজিদের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা সুবহান সাহারা জানান, আটকে পড়া ওই ১৪ শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে। ইন্দোনেশিয়ায় ২০০৪ সালে ৯ দশমিক ১ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের দুই লাখ ৩০ হাজার মানুষ প্রাণ হারায়।