ইন্দোনেশিয়ার জ্বালানি বিষয়ক প্রধান আটক
ইন্দোনেশিয়ার জ্বালানি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান রুদি রুবিয়ানদিনিকে দুর্নীতির অভিযোগে আটক করা হয়েছে। দেশটির দুর্নীতি দমন কমিশন (কেপিকে) গতকাল বুধবার জানায়, রাজধানী জাকার্তার বাসভবন থেকে রুবিয়ানদিনিকে অন্তত চার লাখ মার্কিন ডলারের সমপরিমাণ নগদ অর্থসহ গত মঙ্গলবার আটক করা হয়। কেপিকের কর্মকর্তা জোহান বুদি বলেন, রুবিয়ানদিনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। শীর্ষ ওই কর্মকর্তার বাড়ি থেকে আরও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়া একই দুর্নীতির ঘটনায় জড়িত সন্দেহে আরেক ব্যক্তিকে জাকার্তার একটি ফ্ল্যাটবাড়িতে আটক রাখা হয়েছে। ইন্দোনেশিয়ার জ্বালানি খাতে দ্রুত পরিবর্তনশীল নিয়মকানুন ও আইনি অনিশ্চয়তার কারণে বিদেশি বিনিয়োগকারীরা সমস্যায় পড়েছেন। মার্কিন প্রতিষ্ঠান শেভরনের স্থানীয় শাখার তিন কর্মীকে দুর্নীতির অপরাধে গত মাসে কারাদণ্ড দেওয়া হয়। দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) বার্ষিক তালিকা অনুযায়ী, ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর একটি। এএফপি।