ইন্দোনেশিয়া উপকূল থেকে ১২১ রোহিঙ্গা উদ্ধার
জাতিগত দাঙ্গার কবলে পড়ে মিয়ানমার থেকে পালিয়ে যাওয়ার পথে ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে শতাধিক রোহিঙ্গা মুসলমান শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। জেলেদের হাতে উদ্ধার হওয়া এসব শরণার্থীর একজন দাবি করেছেন, এর আগে থাইল্যান্ডের জলসীমায় তাঁদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।ইন্দোনেশীয় কর্মকর্তা মুখতার স্যামসায়াহ গতকাল বুধবার বলেন, মঙ্গলবার রাতে ১২১ জন রোহিঙ্গা মুসলমান ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলীয় গ্রাম কোট তুরেং থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সাগরে লক্ষ্যহীনভাবে নৌকায় ভাসছিল। ঘটনাস্থল আচেহ প্রদেশের সুমাত্রা দ্বীপের একেবারে উত্তরে অবস্থিত। মুখতার স্যামসায়াহ বলেন, মিয়ানমার থেকে থাইল্যান্ড যাওয়ার পথে ওই শরণার্থীদের বহনকারী নৌযানের জ্বালানি ফুরিয়ে যায়।তবে ফরিদ আলম নামের ২১ বছরের একজন আশ্রয়প্রার্থী দাবি করেন, থাই কর্তৃপক্ষের অন্তর্ঘাতমূলক তৎপরতার কারণে নৌকার জ্বালানি শেষ হয়ে যায়।ওই আশ্রয়প্রার্থী আরও বলেন, নৌকার যাত্রীদের মধ্যে ছয়জন নারী ও দুটি শিশুও রয়েছে। প্রায় এক মাস আগে মিয়ানমার থেকে পালিয়ে তাঁরা থাইল্যান্ডের উদ্দেশে পাড়ি জমান। কিন্তু তিন দিন পর কর্তৃপক্ষ থাই জলসীমায় বাধা দিয়ে তাঁদের যাত্রাপথ ঘুরিয়ে দেয়। তারা তাঁদের খাবার ও জ্বালানি কেড়ে নেয় এবং তাড়িয়ে দিতে গুলি চালায়।তিনি বলেন, নৌকায় প্রকৃতপক্ষে আরও ১২ জন ছিলেন। কিন্তু তাঁর ধারণা, তাঁদের গুলি করে মেরে ফেলা হয়েছে বা সাগরে ফেলে হত্যা করা হয়েছে।বুধবার ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ উদ্ধার হওয়া রোহিঙ্গাদের খাবার, পানীয় ও ঘুমানোর ব্যবস্থা করে একটি অভিবাসন শিবিরে পাঠিয়ে দিয়েছে বলেও জানান তিনি। এএফপি।