ইন্দোনেশিয়া থেকে মিয়ানমারে ‘জিহাদের’ ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার জাকার্তায় এক বিক্ষোভ সমাবেশ থেকে মিয়ানমারে মুসলিম হত্যার প্রতিশোধ নিতে দেশটিতে (মিয়ানমারে) ‘জিহাদ’ শুরুর আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।এদিকে জাকার্তায় মিয়ানমার দূতাবাসে বোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগে দুই ইন্দোনেশীয়কে আটক করেছে পুলিশ। কর্মকর্তারা গতকাল এ খবর জানান।ইন্দোনেশিয়ার ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্টের (এফপিআই) শত শত ক্ষুব্ধ কর্মী গতকাল জাকার্তায় মিয়ানমার দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেন। মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবিসংবলিত ব্যানার তাঁদের হাতে এ সময় শোভা পায়। তাঁরা দেশটিতে জিহাদ শুরুর আহ্বান জানান। বিক্ষোভকালে মিয়ানমারের জাতীয় পতাকা পোড়ানো হয় এবং দেশটির দূতাবাস জ্বালিয়ে দেওয়ার দাবি জানানো হয়। এ সময় শত শত দাঙ্গা পুলিশ তাঁদের ঘিরে রাখে।বিক্ষোভের আগের দিন সন্ত্রাস দমনবিষয়ক পুলিশ রাজধানীর দক্ষিণ থেকে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে আটক করেছে। তাঁদের কাছ থেকে পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে। এসব বোমা দিয়ে ওই দূতাবাসে হামলার পরিকল্পনার অভিযোগে তাঁদের আটক করা হয়। কর্মকর্তারা বলেন, মিয়ানমারে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বী ও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী সহিংসতায় মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়ায় যে ক্রমেই ক্ষোভ বাড়ছে, ওই দুজনকে আটক ও জিহাদ শুরুর আহ্বানের ঘটনায় তা স্পষ্ট। এএফপি।