ইন্দোনেশিয়ার কট্টরপন্থী নেতা বশিরের ১৫ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার কট্টরপন্থী মুসলিম নেতা আবু বকর বশিরকে ১৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। রাজনৈতিক নেতা ও পশ্চিমা নাগরিকদের ওপর হামলার পরিকল্পনাকারী একটি জঙ্গিগোষ্ঠীকে অর্থ সহায়তা দেওয়ার দায়ে তাঁকে এ শাস্তি দেওয়া হয়।দক্ষিণ জাকার্তার জেলা আদালত চার মাস শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। রায় ঘোষণার সময় আবু বকর বশির আদালতে উপস্থিত ছিলেন। এ সময় ৭২ বছর বয়সী বশিরকে কিছুটা বিষণ্ন দেখাচ্ছিল।বিচারক রায়ে বলেন, ‘আবু বকর বশির অন্যদের বিভ্রান্ত করে সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য তহবিল সংগ্রহ করছিলেন। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয়েছে...এবং আবু বকর বশিরকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হলো।’বশির ইন্দোনেশিয়ার আঞ্চলিক জঙ্গিগোষ্ঠী জেমাহ ইসলামিয়ার আধ্যাত্মিক নেতা বলে মনে করা হয়। রায় ঘোষণার পর বশির বলেন, ‘আমি এ রায় প্রত্যাখ্যান করছি। কারণ, ইসলামি শরিয়াহ আইন অনুযায়ী এ বিচার হয়নি। শয়তানের বন্ধুদের এ রায় আমি মেনে নিতে পারি না।’বশিরের কট্টরপন্থী সংগঠন জেমাহ আনশারউট তৌহিদের (জেএটি) একজন মুখপাত্র বলেন, বিচারের নামে প্রহসন হয়েছে। এ সরকার যেমনটি চায়, আদালত তেমন রায় দিয়েছেন।সরকারি কৌঁসুলিরা বশিরের যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছিলেন। বশির ২০০৯ সালে আচেহ প্রদেশে জঙ্গি প্রশিক্ষণ শিবির পরিচালনার জন্য প্রায় ৫০ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন বলে প্রমাণিত হয়েছে।রায় ঘোষণার সময় বশিরের অনুসারী অন্তত ৫০০ মানুষ আদালতের বাইরে তাঁর পক্ষে স্লোগান দেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালতের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন হাজার সদস্য মোতায়েন করা হয়।২০০২ সালে ইন্দোনেশিয়ার বালিতে বোমা হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে বশিরকে কারাদণ্ড দেওয়া হয়। ২০০৬ সালে শাস্তির মেয়াদ কমানো হলে তিনি মুক্তি পান। গত আগস্টে পুলিশ তাঁকে আবারও গ্রেপ্তার করে। এএফপি, বিবিসি, রয়টার্স।