ইন্দোনেশিয়ার পার্ক থেকে ওবামার বালক বয়সের মূর্তি সরিয়ে নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ বলেছে, জাকার্তার একটি পার্কে স্থাপন করা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি বালক-মূর্তি সরিয়ে নেওয়ার দাবি তারা বিবেচনা করে দেখছে। মাত্র এক মাস আগে বালক ওবামার ওই ব্রোঞ্জমূর্তি স্থাপন করা হয়েছিল। খবর এএফপির।১৯৬০-এর দশকের শেষের দিকে জাকার্তায় বসবাস করতেন শিশু বারাক ওবামা। বালক ওবামা জাকার্তার যে স্কুলে পড়াশোনা করতেন, তার খুব কাছে অবস্থিত মেনটেং পার্কে ‘লিটল ব্যারি’ নামের ওই মূর্তি স্থাপন করা হয়।সমালোচকেরা বলছেন, কোনো ইন্দোনেশীয়র প্রতি সম্মান দেখানোর জন্য ওই জায়গা ব্যবহার করা উচিত। ওবামার ওই বালক-মূর্তিটি সরিয়ে নেওয়ার জন্য সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুকের একটি অ্যাকাউন্টে এ দাবি জানানো হয়। ইতিমধ্যেই ওই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ৫৫ হাজার মানুষ।জাকার্তা পার্ক এজেন্সির কর্মকর্তা ডুই বিনটার্টো বলেন, মূর্তিটি সরিয়ে ফেলা হবে, না কি অন্য কোথাও স্থানান্তর করা হবে, না বর্তমান জায়গায় বহাল থাকবে—এ নিয়ে দুই সপ্তাহ ধরে তাঁরা আলোচনা করছেন। তিনি বলেন, ‘আমরা সবচেয়ে ভালো সমাধানের পথ খুঁজছি।’যুক্তরাষ্ট্রের হাওয়াইতে জন্ম নেওয়া ওবামার বাবার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তাঁর মা এক ইন্দোনেশীয় নাগরিককে বিয়ে করেন। এরপর ১৯৬৭ সাল থেকে মায়ের সঙ্গে চার বছর জাকার্তায় ছিলেন বালক ওবামা।হাফপ্যান্ট ও টি-শার্ট পরা বালক বারাক ওবামার ওই ব্রোঞ্জমূর্তি তৈরি করেছেন এক ইন্দোনেশীয় শিল্পী। বিনটার্টো বলেন, মূর্তিটি শিশু ওবামার। প্রেসিডেন্ট ওবামার নয়। যিনি মূর্তিটি তৈরি করেছেন, তাঁর স্বজন ও বন্ধুরা বলেছেন, আরও ভালোভাবে পড়াশোনা ও বড় স্বপ্ন দেখার জন্য শিশুদের উদ্বুদ্ধ করতে মূর্তিটি নির্মাণ করা হয়েছে।ফেসবুকে ‘টেক ডাউন দি বারাক ওবামা স্ট্যাচু ইন মেনটেং পার্ক’ গ্রুপের সদস্যরা বলেছেন, বারাক ওবামা এখনো পর্যন্ত ইন্দোনেশিয়ার জন্য উল্লেখযোগ্য কোনো অবদান রাখেননি। একজন আমেরিকান হিসেবেই ইন্দোনেশিয়ায় বসবাস করেছিলেন ওবামা।ফেসবুকে আরও বলা হয়, একটি স্বাধীন-সার্বভৌম দেশের মর্যাদার জন্য মেনটেং পার্ক থেকে বারাক ওবামার মূর্তি অবশ্যই অবিলম্বে সরিয়ে ফেলা উচিত।