ইন্দোনেশিয়ার ভোট গ্রহণ শেষ, উইদোদো এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট পদপ্রার্থী সাবেক সেনা কর্মকর্তা প্রাবোউ সুবিয়ান্তো (বাঁয়ে) ও জাকার্তার গভর্নর জোকো উইদোদোর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস দেওয়া হয়েছে জনমত জরিপে।
প্রেসিডেন্ট পদপ্রার্থী সাবেক সেনা কর্মকর্তা প্রাবোউ সুবিয়ান্তো (বাঁয়ে) ও জাকার্তার গভর্নর জোকো উইদোদোর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস দেওয়া হয়েছে জনমত জরিপে।

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে আজ বুধবার ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট নেওয়া শুরু হয়ে চলে বেলা একটা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে চলছে গণনা।

বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, দুই সপ্তাহ পরে ২২ জুলাই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল জানা যাবে। তবে সর্বশেষ গণনা অনুযায়ী, সামান্য ব্যবধানে এগিয়ে আছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী রাজধানী জাকার্তার গভর্নর জোকো উইদোদো। তিনি পেয়েছেন ৫২ শতাংশ ভোট। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা প্রাবোউ সুবিয়ান্তো মাত্র ৪ শতাংশ ভোটের ব্যবধানে পেয়েছেন ৪৮ শতাংশ ভোট।

এর ওপর ভিত্তি করে জয়ের দাবি করছে উইদোদোর দল। তবে প্রাবোউ সুবিয়ান্তোর সমর্থকদের মতে, এত তাড়াতাড়ি বিজয় ঘোষণা করা সম্ভব নয়। উইদোদোকে ইন্দোনেশিয়ার নতুন প্রজন্মের রাজনৈতিক নেতা হিসেবে দেখা হচ্ছে। সাবেক কর্তৃত্ববাদী স্বৈরশাসনামলের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

অন্যদিকে প্রাবোউ তাঁর উল্টো চরিত্র। সুহার্তোর তিন দশকের শাসনামলে শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন তিনি।


৬৩ বছর বয়সী প্রাবোউ প্রেসিডেন্ট হলে ইন্দোনেশিয়া আবার কর্তৃত্ববাদী শাসনে ফিরে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। সাবেক স্বৈরশাসক সুহার্তোর মেয়ে সিতি হেদিয়াতি সুহার্তোর সাবেক স্বামী প্রাবোউ। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।


কয়েক মাস আগেও ৫৩ বছর বয়সী উইদোদোর পক্ষে বিপুল জনমত ছিল। তিনি প্রায় ৩০ শতাংশ ভোট বেশি পেয়ে জিতবেন বলে আশা করা হচ্ছিল। তবে বাকপটু প্রাবোউর প্রচারণায় উইদোদোর জনপ্রিয়তা নাটকীয়ভাবে কমেছে।