ইন্দোনেশিয়ার হোটেলে বোমা হামলায় অভিযুক্ত এক ব্যক্তির বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ায় দুটি হোটেলে আত্মঘাতী বোমা হামলায় জড়িত অভিযোগে আমির আবদিল্লাহ নামের এক ব্যক্তির বিচার শুরু হয়েছে। ইন্দোনেশিয়ার সন্ত্রাসবিরোধী আইন ভঙ্গের অভিযোগে গতকাল বুধবার তাঁকে দক্ষিণ জাকার্তার একটি আদালতে তোলা হয়।আবদিল্লাহর বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি গত বছরের ১৭ জুলাই রাজধানী জাকার্তার জে ডব্লিউ ম্যারিয়ট ও রিজ কার্লটন হোটেলে আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আশ্রয় দিয়েছিলেন এবং তাঁদের সম্পর্কে তথ্য গোপন করেছিলেন। ওই হামলায় সাতজন মারা যায় ও অর্ধশতাধিক আহত হয়। আবদিল্লাহর বিরুদ্ধে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনোকে হত্যার পরিকল্পনা করারও অভিযোগ আনা হয়েছে।তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, আমির আবদিল্লাহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শীর্ষ জঙ্গি নিহত নুরদিন টপের গাড়িচালক ছিলেন। ওই বোমা হামলার এক মাস পর আবদিল্লাহকে আটক করা হয়। ওই বোমা হামলা মামলার প্রথম আটক হওয়া আসামিও তিনি। দোষী প্রমাণিত হলে তাঁর মৃত্যুদণ্ড হতে পারে। পিটিআই অনলাইন।