ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত সর্বোচ্চ সতর্কতা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। গত শনিবার মধ্যরাতে সুমাত্রা দ্বীপে মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি থেকে হঠাৎ লাভা উদিগরণ শুরু হলে এর ধোঁয়া ও ছাই দেড় হাজার মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় ভয় ও আতঙ্কে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা কয়েক মাইল দূর থেকে লাভা উদিগরণের দৃশ্য দেখেছেন। রোববার কর্মকর্তারা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সুমাত্রা দ্বীপের প্রধান শহর মেদানের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরিতে ৪০০ বছর পরে এই অগ্ন্যুৎপাত শুরু হয়। ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি সতর্কতাকেন্দ্রের প্রধান সুরোনো বলেন, ‘শুক্রবার থেকেই অগ্ন্যুৎপাতের লক্ষণ বোঝা যাচ্ছিল। এটা খুব বিপজ্জনক ব্যাপার। তাই আমরা সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণে আমাদের কর্মীরা জেলা ও প্রাদেশিক কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’ দুর্যোগ-ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র প্রিয়াদি কারদোনো বলেন, ‘আগ্নেয়গিরির কাছাকাছি চারটি গ্রামের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অনেকে আগেই চলে গেছেন।’ তিনি বলেন, ‘সালফারের তীব্র গন্ধ ও ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল। এ সময় অনেকের শ্বাস নিতে সমস্যা হলে তাঁদের মাস্ক সরবারহ করা হয়।’ বার্তা সংস্থা আন্তারা জানায়, আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জের অবস্থান ‘রিং অব ফায়ার’ অর্থাৎ এমন একটি অঞ্চলে যেখানে প্রায়ই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে। এ অঞ্চলে ১২৯টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এএফপি/বিবিসি।