ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরাঞ্চলে মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরিতে গতকাল সোমবার দ্বিতীয় দফা অগ্ন্যুৎপাত হয়েছে। এতে আকাশজুড়ে বিশাল ধোঁয়ার মেঘ সৃষ্টি হয়। ভস্ম ও ছাই প্রায় দুই কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপদ আশ্রয়ে চলে যায় আশপাশের হাজার হাজার মানুষ। চার শতাব্দী ধরে সুপ্ত থাকার পর গত শনিবার মধ্যরাতে ওই আগ্নেয়গিরি থেকে হঠাৎ লাভা উদিগরণ শুরু হয়। এতে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সরকারের ভূকম্পনবিদ আগুস বুদিয়ান্তো বলেন, গতকাল স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টার দিকে মাউন্ট সিনাবাংয়ে দ্বিতীয় দফা অগ্ন্যুৎপাত শুরু হয়। প্রায় ১৫ মিনিট স্থায়ী এ উদিগরণের সময় ধোঁয়া ও ছাই অন্তত দুই হাজার মিটার উঁচুতে পৌঁছে। তিনি বলেন, শনিবারের চেয়ে এ অগ্ন্যুৎপাত বেশি শক্তিশালী ছিল। এ আগ্নেয়গিরিকে দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জের সবচেয়ে সক্রিয় ৬৯টি আগ্নেয়গিরির একটি বলে উল্লেখ করেন তিনি। পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র বামবাং এরভান বলেন, বিমানগুলোকে ওই এলাকা দিয়ে চলাচল না করতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর সুমাত্রার পর্যটকদের সম্ভাব্য দেরির ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। তিনি বলেন, এর মধ্যে বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আন্দেস এমবাগা বলেন, ১৬টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে প্রায় তিন থেকে ২১ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এএফপি, রয়টার্স।