ইন্দোনেশিয়ায় আরও ৬৩ রোহিঙ্গা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে কাঠের নৌকা থেকে শিশুসহ মিয়ানমারের আরও ৬৩ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ইন্দোনেশিয়ার পুলিশ এ তথ্য জানায়।ইঞ্জিনবিহীন নৌকাটি আচেহ প্রদেশের অদূরে সাগরে ভাসছিল। গত বৃহস্পতিবার স্থানীয় জেলেরা নৌকাটি প্রথমে দেখতে পান। পরে সেটি উপকূলে নিয়ে আসেন। নৌকাটিতে ২৩টি শিশু ছিল।পূর্ব আচেহর পুলিশ-প্রধান মুহাজির বলেন, ‘উদ্ধার করা মানুষগুলো মিয়ানমার থেকে এসেছে। ...উদ্ধার করা মানুষগুলো ক্লান্ত। কথা বলতে সমস্যা হচ্ছে। ’এর আগে গত মঙ্গলবার সুমাত্রা দ্বীপের আরেক দল জেলে ১২১ জন রোহিঙ্গাকে উদ্ধার করেন। রোহিঙ্গাদের ওই দল জানায়, থাইল্যান্ডের জলসীমা অতিক্রমের সময় তাদের খাদ্য ও পেট্রল ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে থাইল্যান্ড। এর আগেও শরণার্থীদের বেশ কয়েকটি দলকে সে দেশের জলসীমায় ঘেঁষতে দেয়নি কর্তৃপক্ষ।জাতিসংঘের বিবেচনায় রোহিঙ্গারা রাষ্ট্রহীন সংখ্যালঘু মুসলমান। মিয়ানমার মনে করে, রোহিঙ্গারা অবৈধ বাংলাদেশি। সে দেশে বসবাসরত প্রায় আট লাখ রোহিঙ্গাকে নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে মিয়ানমার। গত বছর রাখাইন প্রদেশে বৌদ্ধ ও মুসলিমদের সঙ্গে সংঘাতে অন্তত ১৮০ জনের প্রাণহানি ঘটে। এএফপি।