ইন্দোনেশিয়ায় কারা বিদ্রোহের ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি কারাগারে বৃহস্পতিবার রাতে বিদ্রোহের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। একপর্যায়ে আগুন ধরিয়ে দিয়ে কৌশলে অন্তত ১৫০ বন্দী পালিয়ে যান। ঘটনার রাতেই ৫০ জনকে আবার গ্রেপ্তার করা হয়।গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেদান শহরের তানজুং গুস্তা কারাগারে ওই বিদ্রোহ শুরু হয়। বিদ্যুৎ ও পানির দাবিতে প্রথমে কারারক্ষীদের সঙ্গে বন্দীদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে কারারক্ষীদের লক্ষ্য করে বোতল ছুড়ে মারেন কয়েদিরা। পরে তাঁরা কারাগারের ভেতরে আগুন ধরিয়ে দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করার সময় দেড় শ বন্দী পালিয়ে যান। রাতভর অভিযান চালিয়ে প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও বাকী অন্তত ১০০ জনের সন্ধান মেলেনি। তাদের আটক করতে গতকাল শুক্রবার অভিযান অব্যাহত রাখা হয়। এএফপি।