ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৪৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৪৩ জন নিহত হয়েছে। গতকাল শনিবার ভোরে রাজধানী জাকার্তা ছেড়ে যাওয়া ওই ট্রেনটি প্রদেশের মধ্যাঞ্চলের পেতারুকান স্টেশনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ বলেছে, নিতান্তই ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটি ছিল মালবাহী। যাত্রীরা জানান, রাত তিনটার পর ওই দুর্ঘটনার সময় সুরাবায়াগামী ট্রেনের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিল।সরকারি এক বিমা কর্মকর্তা সেন্দানা বানান্দি বার্তা সংস্থা এপিকে বলেন, সকালের মধ্যেই তিনটি হাসপাতাল থেকে ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি বলেন, দুর্ঘটনায় ৫০ জন আহত হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন।এদিকে জাতীয় পুলিশের মুখপাত্র ইস্কান্দার হাসান এএফপিকে বলেন, ৩৬ জন যাত্রী নিহত হয়েছে এবং ৩০ জনের বেশি গুরুতর আহত হয়েছে।রেলের মুখপাত্র সুগেং প্রিয়োনো বলেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় উদ্ধারকাজ বিলম্বিত হয়েছে। পরে অন্য জায়গা থেকে ভারী যন্ত্রপাতি আনা হয়।বেঁচে যাওয়া এক যাত্রী জানান, দুর্ঘটনার শব্দে ঘুম ভাঙার পর তিনি যাত্রীদের বিলাপ শুনতে পান। তিনি বলেন, ‘হঠাৎ এক বিকট আওয়াজের পর বহু মানুষের কান্না শুনতে পাই। দেখি, অনেক লোক এদিক-ওদিক পড়ে আছে।’দুর্ঘটনার পর জাকার্তা থেকে একটি তদন্ত দল দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের মুখপাত্র ইস্কান্দার হাসান বলেন, দুর্ঘটনাটি কোনো যান্ত্রিক ভুলের কারণে ঘটেছে। তিনি মনে করছেন, যোগাযোগ ব্যবস্থাপনা কৌশলের ত্রুটিই এ জন্য দায়ী।যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র বামবাং ইরভান বলেন, একই রাতে ভোর চারটার দিকে সুলু শহরে আরেকটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।