ইন্দোনেশিয়ায় দুর্নীতির দায়ে বিচারপতির যাবজ্জীবন

ঘুষ নেওয়া ও অর্থ পাচারের দায়ে ইন্দোনেশিয়ার শীর্ষ পর্যায়ের সাবেক এক বিচারপতিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে এক হাজার কোটি রুপিয়া জরিমানা ও তাঁর রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে। গতকাল সোমবার দেশটির দুর্নীতিবিরোধী একটি আদালত এ রায় ঘোষণা করেন।
এএফপির প্রতিবেদনে জানানো হয়, গত বছর দেশটির সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি আকিল মোকতারকে ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার করেন দুর্নীতিবিরোধী কর্মকর্তারা। ওই সময় আকিল একজন ব্যবসায়ী ও আইনজীবীর কাছ থেকে ৩০০ কোটি রুপিয়া নিচ্ছিলেন।
মোকতারের বিরুদ্ধে ১৫টি অঞ্চলের বিতর্কিত নির্বাচন নিয়ে ৪৮ লাখ ডলারের বেশি ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে তিনি ১৬ হাজার ১০০ কোটি রুপি বিদেশে পাচার করেন।
ইন্দোনেশিয়ার দুর্নীতি পর্যবেক্ষণ সংস্থা জানায়, এর আগেও চারজন ব্যবসায়ীকে দুর্নীতির দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় এ দেশটির নাম ধারাবাহিকভাবে রয়েছে।