ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরু

বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে আজ বুধবার ভোট নেওয়া শুরু হয়েছে।
আজ বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট পদপ্রার্থী রাজধানী জাকার্তার গভর্নর জোকো উইদোদো ও সাবেক সেনা কর্মকর্তা প্রাবোউ সুবিয়ান্তোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
জনমত জরিপে আভাস দেওয়া হয়েছে, স্বৈরশাসক সুহার্তোর পতনের পর এই প্রথম দেশটিতে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। ১৯ কোটি নিবন্ধিত ভোটার এই নির্বাচনে ভোট দেবেন।
উইদোদোকে ইন্দোনেশিয়ার নতুন প্রজন্মের রাজনৈতিক নেতা হিসেবে দেখা হচ্ছে। সাবেক কর্তৃত্ববাদী স্বৈরশাসনামলের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
অন্যদিকে প্রাবোউ তাঁর উল্টো চরিত্র। সুহার্তোর তিন দশকের শাসনামলে শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন তিনি।
৬৩ বছর বয়সী প্রাবোউ প্রেসিডেন্ট হলে ইন্দোনেশিয়া আবার কর্তৃত্ববাদী শাসনে ফিরে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। সাবেক স্বৈরশাসক সুহার্তোর মেয়ে সিতি হেদিয়াতি সুহার্তোর সাবেক স্বামী প্রাবোউ। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
কয়েক মাস আগেও ৫৩ বছর বয়সী উইদোদোর পক্ষে বিপুল জনমত ছিল। তিনি প্রায় ৩০ শতাংশ ভোট বেশি পেয়ে জিতবেন বলে আশা করা হচ্ছিল। তবে বাকপটু প্রাবোউর প্রচারণায় উইদোদোর জনপ্রিয়তা নাটকীয়ভাবে কমেছে।