ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধস, নিহত ১৫
ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েশি প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। কর্মকর্তারা গতকাল সোমবার এ তথ্য জানান।প্রদেশটির রাজধানী মানাদো ও এর আশপাশের এলাকা থেকে বন্যাদুর্গত হাজার হাজার লোক ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। একজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, কোনো কোনো এলাকা প্রায় ছয় ফুটের বেশি পানিতে তলিয়ে আছে। উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা ভূমিধস-কবলিত স্থানে ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন। উদ্ধারকাজে বুলডোজার ও অন্য সরঞ্জাম পাঠানো হয়েছে।নর্থ সুলাওয়েশির পুলিশপ্রধান ডিকি অ্যাতোতয় অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, গত রোববার উদ্ধার করা নিহত ব্যক্তিদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। বাসিন্দারা জানান, ভূমিধসে স্তূপ হয়ে থাকা পাহাড়ি মাটি ও পাথর তাঁরা সরিয়ে ফেলার চেষ্টা করছেন। স্থানীয় একজন কর্মকর্তা বলেন, ‘এটি ছিল এক ভয়াবহ ঘটনা। ভূমিধসের সময় আমরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে গেলেও কেউ কেউ তাতে ব্যর্থ হয় এবং মাটির নিচে চাপা পড়ে।’ বিবিসি।