ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার উপকূলে গতকাল বুধবার ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এ ভূমিকম্পের পর ইন্দোনেশিয়াসহ ভারত মহাসাগরসংলগ্ন দেশগুলোতে সুনামির সতর্কতা জারি করা হয়। নিরাপত্তার স্বার্থে লোকজনকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে প্রথম ভূমিকম্পটি আঘাত হানার প্রায় দুই ঘণ্টার মাথায় একই এলাকায় আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সেটির মাত্রা ছিল ৮ দশমিক ২। তবে দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) দপ্তর জানায়, গতকাল গ্রিনিচ সময় সকাল আটটা ৩৮ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার বান্দা আচেহ শহর থেকে ৩০৮ মাইল দক্ষিণ-পশ্চিমে উত্তর সুমাত্রা দ্বীপের উপকূল। ২০ দশমিক ৫ মাইল মাটির গভীরে এ ভূমিকম্প সংঘটিত হয়।শক্তিশালী ওই ভূমিকম্প সংঘটিত হওয়ার পরপরই ভারত মহাসাগরসংলগ্ন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও ভারতসহ আরও কয়েকটি দেশে ভূকম্পন অনুভূত হয়েছে। এসব দেশে সুনামি সতর্কতা জারি করে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককেন্দ্র (দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার)। পরে অবশ্য সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়।ইন্দোনেশিয়ার দুর্যোগব্যবস্থাপনা সংস্থা জানায়, আচেহ প্রদেশের বিদ্যুৎব্যবস্থায় ভূমিকম্পের প্রভাব পড়েছে। লোকজনকে অধিকতর উঁচু এলাকায় সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। সাইরেন বাজিয়ে সবাইকে সতর্ক করে দেওয়া হয়।সংস্থাটির মুখপাত্র সুতোপো বলেন, বহু জায়গায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া সবাই একযোগে উঁচু এলাকার দিকে সরে যাওয়ার প্রচেষ্টা করার ফলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সবখানেই সাইরেন বাজানোর শব্দ এবং মসজিদে মসজিদে কোরআন তেলাওয়াত করতে শোনা যায়। ভূমিকম্পের পর থাইল্যান্ডের উপকূলীয় ছয়টি প্রদেশের বাসিন্দাদের উঁচু এলাকায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। রাজধানী ব্যাংকক ও অবকাশযাপনকেন্দ্র ফুকেট দ্বীপেও ভূমিকম্প অনুভূত হয়। ভারতের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে ভূমিকম্প অনুভূত হয় বলে স্থানীয় বাসিন্দারা জানায়। বেঙ্গালুরু শহরের লোকজন ভূমিকম্পের ভয়ে বাড়িঘর ও দাপ্তরিক ভবন থেকে নেমে পড়ে। সুনামির ভয়ে চেন্নাই বন্দর বন্ধ করে দেওয়া হয় বলে বন্দর সূত্র জানায়।আমাদের কলকাতা প্রতিনিধি জানান, ভূমিকম্পের ফলে হঠাৎ কেঁপে ওঠে কলকাতা শহর। কলকাতায় এই মৃদু ভূকম্পনের জেরে শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাড়ি ও দাপ্তরিক ভবনে ফাটল ধরেছে। লোকজন ভবন থেকে বাইরে নেমে আসে। কলকাতার পাতালরেল (মেট্রো রেল) চলাচল ৪৮ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বাই, পাটনা এবং গুয়াহাটিতেও ভূমিকম্প অনুভূত হয়। এএফপি ও রয়টার্স।