ইন্দোনেশিয়ায় সুনামি ও অগ্ন্যুৎপাতে মৃত ৩০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট সুনামির জলোচ্ছ্বাস, অন্যদিকে আগ্নেয়গিরি মাউন্ট মেরাপির অগ্ন্যুৎপাত—একই সঙ্গে দেখা দেওয়া দুটি প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া। দুটি ঘটনায় সে দেশে এ পর্যন্ত ৩০০ জনের মৃত্যু হয়েছে। জলোচ্ছ্বাসে প্রায় ৪০০ মানুষ নিখোঁজ হয়েছে। গৃহহীন হয়েছে কয়েক হাজার মানুষ। ত্রাণকাজে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।ইন্দোনেশিয়ার সরকার এর মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সাহায্যের আবেদন জানিয়েছে। দেশের দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়ুধোইয়োনো ভিয়েতনাম সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন।গত সোমবার রাতে সুমাত্রার পশ্চিম উপকূলের কাছে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্পের ফলে সুনামি দেখা দেয়। ‘প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবৃত্ত’ বলে পরিচিত এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে সাগর ফুঁসে ওঠে তিন মিটার (১০ ফুট)। উঁচু জোয়ারের পানি এসে আছড়ে পড়ে মেন্তাভি দ্বীপপুঞ্জে। ভাসিয়ে নিয়ে যায় ১০টি গ্রামের অনেক ঘরবাড়ি।জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়া উত্তর পাগাই দ্বীপের উপকূলবর্তী দেতুমঙ্গা গ্রামের বাসিন্দা বরিন্তে জানান, একখণ্ড কাঠ আঁকড়ে ধরে কোনোমতে রক্ষা পান তিনি। তবে তাঁর স্ত্রী ও তিন সন্তান মারা গেছে। তিনি বলেন, ভূমিকম্পের প্রায় ১০ মিনিট পর প্রচণ্ড গর্জন শুনে তাঁরা বাইরে বের হয়ে আসেন। এ সময় পাহাড়প্রমাণ ঢেউ ছুটে আসতে দেখেন। তখন তাঁদের কিছুই করার ছিল না। অস্ট্রেলিয়ার কিছু পর্যটক সুনামির ঢেউয়ের কবলে পড়লেও কেউ মারা যায়নি।কর্মকর্তারা জানান, জলোচ্ছ্বাসে কমপক্ষে ২৭২ জনের মৃত্যু হয়েছে। ত্রাণতৎপরতা চালাতে উদ্ধারকারীরা এর মধ্যে দুর্গত এলাকায় পৌঁছেছেন। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভূমিকম্প-পরবর্তী পরাঘাতের জন্য ত্রাণকার্য ব্যাহত হচ্ছে। পশ্চিম সুমাত্রার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হারমেনসিয়াহ বলেন, সুনামির আঘাতে অনেক মানুষ ঘরবাড়ি হারিয়েছে। তাদের জন্য প্রচুর সাহায্য দরকার। তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব, নিখোঁজ লোকজনকে আমাদের খুঁজে বের করা প্রয়োজন। দুর্গত লোকদের আশ্রয়ের জন্য কিছু তাঁবু এর মধ্যে পৌঁছে গেছে। কিন্তু আমাদের আরও তাঁবু প্রয়োজন।’সুনামির ঘটনাস্থল থেকে কয়েক শ কিলোমিটার দূরে জাভা দ্বীপের কেন্দ্রস্থলে দেখা দিয়েছে আরেক বিপর্যয়। সেখানে ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মেরাপির অগ্ন্যুৎপাতে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটে। এ সময় এটির জ্বালামুখ থেকে ধোঁয়া ও জ্বলন্ত লাভা নির্গত হয়।কর্মকর্তারা জানান, আগ্নেয়গিরির আশপাশের এলাকা থেকে প্রায় ২৯ হাজার লোক কাছের শহর ইয়োগ্যাকার্তা অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে। অগ্ন্যুৎপাতের ছাই উড়ে চারদিকে ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকা ধূসর আবরণে ঢাকা পড়েছে। মানুষের পাশাপাশি অনেক গবাদিপশু জীবন্ত ঝলসে মারা গেছে। সরকারের সর্বোচ্চ সতর্কতা উপেক্ষা করে স্থানীয় অনেক মানুষ নিজ বাড়িতে অবস্থান করায় তাদের নিয়ে শঙ্কিত উদ্ধারকারীরা। অগ্ন্যুৎপাতের ঘটনায় মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।গতকাল বুধবার মাউন্ট মেরাপির অগ্ন্যুৎপাতের তেজ কমে এলেও স্থানীয় বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আশঙ্কা করছেন, ওই আগ্নেয়গিরিতে শিগগিরই আবার বড় ধরনের অগ্ন্যুৎপাত ঘটতে পারে।ওবামার শোক প্রকাশ: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে নিহত মানুষদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে মার্কিন সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। এক বিবৃতিতে ওবামা বলেন, ‘পশ্চিম সুমাত্রায় ভূমিকম্প ও সুনামির আঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় ফার্স্ট লেডি মিশেল ও আমি গভীরভাবে শোকাহত।’ উল্লেখ্য, প্রেসিডেন্ট ওবামা তাঁর শৈশবের অনেকটা সময় ইন্দোনেশিয়ায় কাটিয়েছেন। এএফপি।