ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলে সৃষ্ট সুনামিতে ১১৩ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ হয়েছে পাঁচ শতাধিক মানুষ। কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ তথ্য জানান।কর্মকর্তারা জানান, গত সোমবার রাতে সুমাত্রার পশ্চিমাঞ্চলীয় মেন্তাভি দ্বীপে রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরপরই সেখানে সুনামি-সতর্কতা জারি করা হয়। এ সময় অস্ট্রেলীয় নয়জন পর্যটককে বহনকারী একটি নৌকা নিখোঁজ হয়। ভূমিকম্পের পর উপকূলে ১০ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ে। এতে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা আরলাইনোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, মেন্তাভি দ্বীপে কমপক্ষে ১১৩ জন মারা গেছে। নিখোঁজ হয়েছে পাঁচ শতাধিক। মৎস্য বিভাগের আঞ্চলিক কর্মকর্তা হারদিমানশার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মেন্তাভি দ্বীপের ৭৮ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পের ফলে উপকূলীয় বেটু মোঙ্গা গ্রামের বেশির ভাগ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। হারদিমানশার জানান, ওই গ্রামে ২০০ মানুষ বসবাস করত। তাদের মধ্যে মাত্র ৪০ জনকে খুঁজে পাওয়া গেছে। ১৬০ জন এখনো নিখোঁজ। নিখোঁজ ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া পার্শ্ববর্তী মালাকোপা গ্রামে কমপক্ষে একজন নিহত ও দুজন নিখোঁজ হয়েছে বলে তিনি জানান।স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্রাইসিস সেন্টারের প্রধান মুজিহার্তো জানান, সুনামির ফলে সৃষ্ট ঢেউয়ের উচ্চতা ছিল তিন মিটারের বেশি। এতে সাউথ পাগাই দ্বীপে গ্রামগুলোর ৬০০ মিটার পর্যন্ত পানিতে ভেসে গেছে। এ ছাড়া মানতেই গ্রামের ৮০ শতাংশ ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ নিখোঁজ রয়েছে।সিককাপ জেলার পুলিশ জানায়, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। জরুরি সেবার তৎপরতাও চলছে। এদিকে ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি থেকে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে পরপর তিন দফা অগ্ন্যুৎপাত হয়। ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাজার হাজার লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যায়। এ সময় তিন মাস বয়সী এক শিশু মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এএফপি, রয়টার্স, বিবিসি।