ইন্দোনেশিয়ায় ৮ বৌদ্ধকে পিটিয়ে হত্যা করেছে রোহিঙ্গারা
ইন্দোনেশিয়ার একটি আটককেন্দ্রে গতকাল শুক্রবার একদল রোহিঙ্গা মুসলমান বৌদ্ধধর্মাবলম্বী স্বদেশি আট ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। মিয়ানমারে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষুব্ধ হয়ে রোহিঙ্গারা এই ব্যক্তিদের পিটিয়ে হত্যা করে।কর্মকর্তারা জানান, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবৈধ অভিবাসীদের একটি আটককেন্দ্রে ওই আক্রমণের ঘটনা ঘটে। মিয়ানমারে গত মাসে সংঘটিত ভয়াবহ দাঙ্গার চিত্র দেখার পর ওই কেন্দ্রে আটক রোহিঙ্গাদের একটি দল শোবার চৌকি ভেঙে ও ঝাড়ুর হাতল দিয়ে ওই ব্যক্তিদের আক্রমণ চালায়।অভিবাসন কেন্দ্রের কর্মকর্তা রিদা অগাস্টিয়ান বলেন, গতকাল সকালে হামলা হয়। কেন্দ্রের যে স্থানে অভিবাসীদের আটকে রাখা হয়েছিল, সেখানকার প্রবেশপথ এর আগেই আটকে দেওয়া হয়, যাতে কর্মকর্তারা সেখানে ঢুকতে না পারেন। যখন কর্মকর্তারা ঢুকতে সক্ষম হন, তখন তাঁরা সেখানে রক্ত বইতে দেখেন। মেঝেতে পড়ে থাকতে দেখেন রক্তমাখা আটটি মৃতদেহ। ১০৬ জনকে কেন্দ্রটিতে আটকে রাখা হয়েছিল। ওই ঘটনায় ১৫ জন আহত হয়। তারাও রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।সুমাত্রার পুলিশপ্রধান এনদ্রো কিশওয়ান্তো বলেন, ঘটনার পর ২৫ জন বন্দী ও আরও ৩০ জন প্রত্যক্ষদর্শীকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।কেন্দ্রের বৌদ্ধধর্মাবলম্বী এক বন্দী বলেন, ‘যাঁরা নিহত হয়েছেন তাঁরা সবাই মিয়ানমারের বৌদ্ধ নাগরিক। সাগরে ইন্দোনেশীয় জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের সময় তাঁরা আটক হন। আগামী মাসে আটক ব্যক্তিদের দেশে প্রত্যর্পণের কথা ছিল।’ বিশ্লেষকেরা বলেন, মিয়ানমারে মুসলমান ও বৌদ্ধধর্মাবলম্বীদের মধ্যে উত্তেজনা ক্রমশ যে হারে বেড়ে যাচ্ছে, এই ঘটনা তারই প্রমাণ। মিয়ানমারের মধ্যাঞ্চলে গত মাসে বৌদ্ধ ও রোহিঙ্গাদের মধ্যে সহিংসতায় অন্তত ৪৩ জন নিহত হন। গুঁড়িয়ে দেওয়া হয় মুসলমানদের অসংখ্য মসজিদ ও বাড়িঘর।নৈরাজ্য ঠেকানো সম্ভব না: গণতন্ত্রের পথে উত্তরণে ক্রান্তিকাল অতিক্রম করতে থাকায় মিয়ানমারে ‘নৈরাজ্য’ এড়ানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট থেইন সেইনের মুখপাত্র। একই সঙ্গে তিনি দেশে ঐক্য প্রতিষ্ঠারও আহ্বান জানান। এএফপি।