ইফতিখারের স্থলাভিষিক্ত জিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসাদ্দুক হোসেইন জিলানি
তাসাদ্দুক হোসেইন জিলানি

পাকিস্তানে নতুন সেনাপ্রধানের পর নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মামনুন হুসেইন গত বুধবার তাসাদ্দুক হোসেইন জিলানিকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
প্রেসিডেন্ট অনুমোদন দেওয়ার পরই সংবিধানের ৩ নম্বর সেকশনের ১৭৫ অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে এ-সংক্রান্ত একটি নোটিশ জারি করে আইন মন্ত্রণালয়। বিদায়ী প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরী আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাবেন। পাঁচ বছর দায়িত্ব পালনকালে পারভেজ মোশাররফ, পিপিপি ও আমলাতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রায় দিয়ে তিনি আলোচিত হন।
নতুন প্রধান বিচারপতি তাসাদ্দুক হোসেইন জিলানি আগামী ১২ ডিসেম্বর শপথ নেওয়ার কথা। সেই হিসেবে তাঁর শপথ অনুষ্ঠানের জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার প্রেসিডেন্টের কাছে বুধবারই একটি চিঠি দিয়েছেন। তবে শপথ অনুষ্ঠানের দিন-তারিখ এখনো নির্ধারিত হয়নি।
গত মে মাসে পাকিস্তানে অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা বিচারপতি ফখরুদ্দিন জি ইব্রাহিম অবসরে যাওয়ার পর ১৬ আগস্ট থেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বিচারপতি জিলানি। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের সবচেয়ে জ্যেষ্ঠ বিচারক। তিনি মাত্র সাত মাস ১৮ দিন প্রধান বিচারপতির দায়িত্ব পালনের সুযোগ পাবেন। কারণ, আগামী বছর ৫ জুলাই তাঁর চাকরির মেয়াদ শেষ হবে।
পাকিস্তানের জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা খুরশিদ আহমেদ শাহ বিচারপতি জিলানির নিয়োগকে স্বাগত জানিয়েছেন। ডন।