ইবোলা নিয়ন্ত্রণ সম্ভব তিন মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসে ইবোলা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ইবোলা বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত। তবে এ সময়ে নতুন করে তেমন কেউ ইবোলায় আক্রান্ত না হলেই কেবল তা সম্ভব হবে। বিশেষ দূত এ কথা উল্লেখ করে এ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির তাগিদ দিয়েছেন।
ইবোলায় মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সংক্রমণ ধরা পড়া বা সন্দেহভাজন ভাইরাসবাহী চিহ্নিত হওয়ায় অনেক দেশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। খবর বিবিসি ও এএফপির।
জাতিসংঘের বিশেষ দূত ডেভিড নাবারো বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক সময়ে ইবোলা সংক্রমণের হার বেড়েছে। তবে ব্যাপকভাবে জনসচেতনতা বাড়ানো হলে এ ভাইরাসের বিস্তার রোধ সম্ভব।
সাক্ষাৎকারে নাবারো বলেন, ‘ইতিমধ্যে ইবোলা সংক্রমণ রোধে ব্যাপক সাড়া পেয়েছি। এখন বলতে পারি, তিন মাসের মধ্যে একে নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে। তবে যদি এই সময়ে আর নতুন কেউ ইবোলায় আক্রান্ত না হন, তবেই তা সম্ভব।’
ডেভিড নাবারো বলেন, আক্রান্ত ব্যক্তিকে নিরাপদে বিচ্ছিন্ন করে রাখাই যে এর সংক্রমণ রোধে সবচেয়ে কার্যকর উপায়, এ বিষয়ে মানুষের মধ্যে একটি সচেতনতা তৈরি হয়েছে।
পশ্চিম আফ্রিকায় সৃষ্টি হওয়া প্রাণঘাতী ইবোলায় সরকারি হিসাবে ইতিমধ্যে আট হাজার ৩০০ জন আক্রান্ত হয়েছে। এর প্রায় অর্ধেকই—চার হাজার ৩৩ জন মারা গেছে।
নিশ্চিত সংক্রমণের সংখ্যার দিক থেকে নগণ্য হলেও ইবোলার ভয়াবহতা বিচার করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও স্পেনে ব্যাপক প্রতিরোধব্যবস্থা নেওয়া হচ্ছে। যুক্তরাজ্য গতকাল বলেছে, সে দেশে ‘গোটা কয়েক’ সংক্রমণের ঘটনা ধরা পড়েছে। শনিবার যুক্তরাজ্য দেশব্যাপী ইবোলা প্রতিরোধে মহড়া চালায়।
যুক্তরাষ্ট্রে আরেক ইবোলা রোগী শনাক্ত হয়েছে গতকাল। টেক্সাসের এই স্বাস্থ্যকর্মী ওই রাজ্যে ইবোলায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মার্কিন নাগরিক টমাস ডানকানের শুশ্রূষার দায়িত্বে ছিলেন। ডানকান লাইবেরিয়ায় ইবোলায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আসার কয়েক দিন পর গত বুধবার টেক্সাসের হাসপাতালে মারা যান। চিকিৎসকেরা বলেছেন, সুরক্ষামূলক সব ধরনের পোশাক পরা সত্ত্বেও সংক্রমিত হয়েছেন এই স্বাস্থ্যকর্মী। বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা ইবোলার বিরুদ্ধে লড়াই যে কতটা কঠিন হতে পারে, তারই ইঙ্গিত।
ইবোলার সন্দেহভাজন বাহক স্পেনের নার্স টেরেসা রোমেরোর অবস্থার বেশ উন্নতি হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। গত সেপ্টেম্বর মাসে স্পেনের মাদ্রিদের এক হাসপাতালে আফ্রিকা থেকে ফিরে আসা ইবোলা আক্রান্ত এক মিশনারির শুশ্রূষা করার সময় রোমেরো এ ভাইরাসে আক্রান্ত হন বলে সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে ইবোলা আক্রান্ত বলে ধারণা হওয়া অস্ট্রেলিয়ার রেডক্রসের কর্মী সু ইলেন কোভাকের অবস্থারও উন্নতি হয়েছে।
আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর রক্ত বা দেহ থেকে নিঃসৃত অন্য তরলের মাধ্যমে ছড়ায় ইবোলা। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত করে। এর কোনো প্রতিষেধক বা ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি। এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন স্থানে গবেষণা চলছে।