পশ্চিম আফ্রিকায় হানা দেওয়া ইবোলা মহামারির সঙ্গে লড়াইয়ে বিশ্ব হেরে গেছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ রোধে ‘বৈশ্বিক তৎপরতার অভাবের’ সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) আরও কয়েকটি সংস্থা। তবে জাতিসংঘের ইবোলাবিষয়ক কার্যক্রমের সমন্বয়ক ডেভিড নাবারো এযাবৎ গৃহীত বৈশ্বিক প্রচেষ্টার পক্ষেই কথা বলেছেন। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
দোষারোপ ও বাদানুবাদের মধ্যে ইবোলা সংক্রমণ থেকে বিশ্বকে রক্ষা করার বৈশ্বিক প্রচেষ্টাও চলছে। সেই প্রচেষ্টা দীর্ঘদিনের বৈরী প্রতিবেশী যুক্তরাষ্ট্র ও কিউবাকে পর্যন্ত এক কাতারে শামিল করতে যাচ্ছে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম গত শুক্রবার প্যারিসে বলেন, ‘ইবোলার সঙ্গে যুদ্ধে আমরা হেরে যাচ্ছি।’ তিনি এর জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে সমন্বয়ের অভাবকে দায়ী করেন। ইবোলার সংক্রমণের বর্তমান পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ উল্লেখ করে কিম বলেন, কিছুসংখ্যক দেশ আছে যারা কেবল নিজেদের সীমান্তের নিরাপত্তা নিয়ে ভাবছে।’
জাতিসংঘের ইবোলাবিষয়ক কার্যক্রমের সমন্বয়ক ডেভিড নাবারো মারাত্মক সংক্রামক এ ভাইরাসের বিস্তার রোধে বৈশ্বিক প্রচেষ্টার পক্ষেই কথা বলেছেন। নাবারো বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি নিশ্চিত, যথেষ্ট ব্যবস্থাই নেওয়া হয়েছে। এর ফল পাওয়া যাবে।’
নাবারোর এ বক্তব্যের আগেই ইবোলা মোকাবিলা কার্যক্রম ও পরিস্থিতি নিয়ে ডব্লিউএইচওর একটি অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশিত হয়, যার ভাষ্য খুব নেতিবাচক। এতে বলা হয়, ইবোলার প্রাদুর্ভাব বন্ধ করতে ডব্লিউএইচও সুযোগ হাতছাড়া করেছে।... সংক্রমণ রোধে দেয়ালের লিখন বুঝতে পারেনি সংস্থাগুলো।
কিউবা সবচেয়ে বেশি ইবোলা আক্রান্ত তিন দেশ সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনিতে ৪৬১ জন চিকিৎসক ও নার্সের বড় বহর পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে তিন হাজার প্রকৌশলী, স্বাস্থ্যকর্মী ও সেনাসদস্য।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত শুক্রবার ইবোলার সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্র সরকারের প্রচেষ্টা দেখভাল করার জন্য হোয়াইট হাউসের সাবেক পরামর্শক রোন ক্লেইনের নাম ঘোষণা করেছেন।