ইমরান আমার বাউন্সারের ভয়ে ভীত: রুশদি
বিতর্কিত লেখক সালমান রুশদি পাকিস্তানের রাজনীতিক ইমরান খানের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, সাবেক এই ক্রিকেটার তাঁর ‘বাউন্সার’ মোকাবিলা করতে ভীতসন্ত্রস্ত।সালমান রুশদি গত শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাপ্তাহিক পত্রিকা ইন্ডিয়া টুডে আয়োজিত সম্মেলনে এ কথা বলেন। গত শুক্রবার এই অনুষ্ঠান শুরু হয়। পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইসলামের প্রতিষ্ঠাতা ইমরান খান দুই দিন আগে ওই অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে বিরত থাকার কথা ঘোষণা করেন। কারণ হিসেবে ইমরান বলেন, মুসলমানদের তিনি (রুশদি) যে অপরিমেয় আঘাত করেছেন, তার জন্য তিনি রুশদির সঙ্গে এক মঞ্চে ওঠার কথা স্বপ্নেও ভাবেন না। বুকার পুরস্কারজয়ী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক রুশদি এর প্রতিক্রিয়ায় বলেন, ‘ইমরান জানেন যে অনুষ্ঠানে তাঁকে আমার মুখোমুখি হতে হবে। এবং তিনি আমার বাউন্সারের (আক্রমণাত্মক বোলিং) জবাব দিতে ভীতসন্ত্রস্ত।’ গত জানুয়ারিতে জয়পুর সাহিত্য উৎসবে যোগদান থেকে বিরত থাকতে বাধ্য হওয়ার পর ভারতীয় টিভি চ্যানেলে রুশদি বলেছিলেন, তিনি ফিরে আসবেন। রুশদি বলেন, ‘আমি মুসলমানদের ক্ষতির কারণ নই। কিন্তু ইমরান বলেছেন, আমি মুসলমানদের তীব্র আঘাত দিয়েছি। তবে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসবাদীরা যারা ভারতের মতো দেশকে আঘাত করে, তারাই অপরিমেয় ক্ষতির কারণ।’রুশদির এ বক্তব্যে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তিনি বিশ্বজুড়ে মুসলমানদের মনে আঘাত করেছেন। এ কারণে ইমরান শুধু তাঁর বিরক্তি প্রকাশ করেছেন। তিনি তাঁর মুখোমুখি হওয়ার ভয়ে ভীত নন।’ বিতর্কিত বই দ্য স্যাটানিক ভার্সেস-এর লেখক রুশদি অনুষ্ঠানে ইমরান খানের অতীতের ‘বর্ণাঢ্য’ জীবনযাপনের ইঙ্গিত দিয়েও তাঁকে খোঁচা দেন। তিনি আরও বলেন, ‘আমি বাজি ধরে বলতে পারি, ইমরান আমার দ্য স্যাটানিক ভার্সেস বইটি পড়েননি। তিনি বদলে গেছেন। আমরা যাঁরা ইমরানকে চিনতাম, তাঁরা এই মানুষটিকে এ রকম কখনো দেখিনি। পিটিআই।