ইমরান খানকে হত্যার হুমকি
পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খানকে তালেবান পাকিস্তানি জঙ্গিরা ‘কাফের’ আখ্যায়িত করে তাঁকে হত্যার হুমকি দিয়েছে। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খান নিজেকে ‘উদারপন্থী’ মুসলমান হিসেবে পরিচয় দেন। এ কারণে তিনি তাঁদের লক্ষ্যবস্তু হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়। পাকিস্তানি তালেবান মুখপাত্র আহসানুল্লাহ আহসান গত সোমবার এপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ইমরান খান যদি আফগান সীমান্তসংলগ্ন তালেবান এলাকায় আসেন, তাহলে তিনি আমাদের আত্মঘাতী হামলাকারীদের লক্ষ্যবস্তু হবেন।’ ওই মুখপাত্র বলেন, ইমরান খান নিজেকে ‘উদারপন্থী’ বলে থাকেন। এ ধরনের চিন্তাধারায় ঈমানের সুস্পষ্ট অভাব থাকে। তালেবান উদারপন্থী মতবাদে বিশ্বাস করে না। তিনি হুঁশিয়ারি দেন, পাকিস্তানের আসন্ন নির্বাচনে যাঁরাই অংশ নেবেন, তাঁদের যে কারও ওপর হামলা হতে পারে। এপি।