ইমরান খানের লংমার্চ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে চালকবিহীন মার্কিন বিমান হামলার (ড্রোন) প্রতিবাদে দক্ষিণ ওয়াজিরিস্তান অভিমুখী দুই দিনব্যাপী লংমার্চ শুরু করেছেন সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খান। গতকাল শনিবার সকালে ইসলামাবাদ থেকে তাঁর নেতৃত্বে বিশাল গাড়িবহর যাত্রা শুরু করে।দুই দিনব্যাপী এই কর্মসূচিতে সহস্রাধিক সমর্থক ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রায় ৮০ জন যুদ্ধবিরোধী কর্মী যোগ দিচ্ছেন। ওয়াজিরিস্তানের কোটকাই শহরে এক সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হওয়ার কথা রয়েছে। ইমরান খান বলেছেন, বিপুলসংখ্যক মানুষ এই সমাবেশে যোগ দেবে। বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, লংমার্চটি গন্তব্যে যেতে পারবে কি না, তা অনিশ্চিত। কারণ, নিরাপত্তার কথা ভেবে কর্তৃপক্ষ অনুমতি দেবে কি না, তা এখনো পরিষ্কার নয়। দক্ষিণ ওয়াজিরিস্তানের কর্তৃপক্ষ ইতিমধ্যেই বলেছে, সমাবেশ করার জন্য পিটিআইকে অনুমতি দেওয়া হয়নি। এত মানুষের নিরাপত্তা দিতে কর্তৃপক্ষ সমর্থ নয়। তাই লংমার্চটিকে শহরে ঢুকতে দেওয়া হবে না। অসংখ্য পাকিস্তানির মতো ইমরান খানও সে দেশে মার্কিন ড্রোন হামলার ঘোর বিরোধী। তিনি বলেন, ড্রোন হামলায় প্রায়ই নারী-শিশুসহ বেসামরিক মানুষ নিহত হয়। এসব ঘটনা জঙ্গিদের প্রতি স্থানীয় মানুষের সমর্থন বাড়িয়ে তোলে। এই সুযোগে জঙ্গিরা গরিব মানুষকে দলে ভেড়ায়। লংমার্চ শুরুর আগে তিনি বলেন, ওয়াজিরিস্তানে যা হচ্ছে তা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং ‘সন্ত্রাসী যুদ্ধে’ পরিণত হয়েছে। তবে ড্রোন হামলার পক্ষে সাফাই গেয়ে যুক্তরাষ্ট্র বলে আসছে, এসব হামলায় তালেবান ও আল-কায়েদার জঙ্গিরা নিহত হয়। বেসামরিক মানুষের নিহত হওয়ার ঘটনা কদাচিৎ ঘটে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এ ধরনের হামলা অব্যাহত রাখার প্রয়োজন আছে। পাকিস্তানের সরকার বলে আসছে, ড্রোন হামলা তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন। এই লংমার্চে তালেবান জঙ্গিরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এসব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে ইমরান খান বিবিসিকে বলেন, নিরাপত্তার বিষয়ে মোটেও উদ্বিগ্ন নন তিনি। দক্ষিণ ওয়াজিরিস্তানের হাজারো মানুষই তাঁদের নিরাপত্তা দেবে। তিনি আরও বলেন, ‘সরকার এই লংমার্চ থামিয়ে দিতে চায়। নিরাপত্তার ভয় দেখিয়ে জনগণকে এই কর্মসূচিতে অংশগ্রহণ থেকে বিরত রাখারও চেষ্টা চালাচ্ছে সরকার। কিন্তু এতে লাভ হবে না। হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে যোগ দেবে।’তবে গত শুক্রবার তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র এহসানুল্লাহ এক বিবৃতিতে বলেন, ‘ইমরান খান পশ্চিমাপন্থী ও ধর্মনিরপেক্ষ। তাঁর এই তথাকথিত শান্তির লংমার্চের কোনো মানে হয়। আমরা এই কর্মসূচির নিরাপত্তার আশ্বাস দিতে পারি না।’ এএফপি ও বিবিসি।