করাচিতে আগামী ২৫ ডিসেম্বর সমাবেশের ডাক দিয়েছেন সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান। এদিকে গত রোববার তাঁর দলে যোগ দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।গতকাল সোমবার করাচিতে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, কোরেশি ছাড়াও পিপিপির নেতা মির হাজার খান বিজারানির দুই ভাগনে তাঁর দলে যোগ দিয়েছেন। শিক্ষিত ও বুদ্ধিজীবীরা তাঁর নেতৃত্বাধীন পিটিআই পার্টিতে যোগ দিচ্ছেন। অদূর ভবিষ্যতে আরও অনেকে তাঁর দলে ভিড়বেন। আর এভাবেই তাঁর বিরোধীরা কোণঠাসা হয়ে পড়বে।ইমরান খান বলেন, দেশ আজ চুরি ও দুর্নীতিতে ছেয়ে গেছে। যোগ্য নেতৃত্বই দেশকে এ ধরনের কলুষতা থেকে মুক্ত করতে পারে।গত রোববার সিন্ধু প্রদেশের ঘোটকি এলাকায় এক সমাবেশে কোরেশি আনুষ্ঠানিকভাবে পিটিআইতে যোগ দেন। এ সময় ইমরান খান ওই সমাবেশে উপস্থিত ছিলেন। কোরেশি বলেন, বর্তমান পার্লামেন্ট জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছে না। এ পরিস্থিতি পাল্টাতে রাজনীতিতে পরিবর্তন আসা দরকার। পরিবর্তনের হাওয়া এরই মধ্যে বইতে শুরু করেছে।কোরেশি বলেন, সিআইএ এজেন্ট রেমন্ড ডেভিসকে কূটনৈতিক দায়মুক্তি দেওয়ার সরকারি পরিকল্পনার বিরোধিতা করেই তাঁর নতুন যাত্রা শুরু করেছেন। পাকিস্তানের দুই নাগরিককে হত্যার অভিযোগে গত ফেব্রুয়ারিতে লাহোরে ডেভিসকে গ্রেপ্তার করা হয়। পরে নিহত ব্যক্তিদের পরিবারকে ‘ব্লাড মানি’ দিয়ে তাঁকে মুক্তি দেওয়া হয়। পিটিআই অনলাইন।