ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসের মামলা

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে মামলা হয়েছে।
গতকাল বুধবার বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, ইমরানের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ফয়সালাবাদে একটি সমাবেশের সময় পাঞ্জাবের সাবেক আইনমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে সহিংসতার উসকানি দেওয়ার অভিযোগ করা হয়েছে ওই মামলায়।
মামলায় পাকিস্তান মুসলিম লীগ আওয়ামীর প্রধান শেখ রশিদ, পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি, আরিফ আলভি, আসাদ উমরসহ কয়েক শ অজ্ঞাত বিক্ষোভকারীকেও আসামি করা হয়েছে।
৯ ডিসেম্বর মামলাটি করা হয়। সানাউল্লাহর অভিযোগ, গত সোমবার বিক্ষোভের সময় এক ব্যক্তি নিহত হওয়ার পর ইমরান ও অন্যরা তাঁর বাসভবনে হামলা চালানোর উসকানি দিয়েছেন।
গত সোমবার ফয়সালাবাদের বিভিন্ন এলাকায় পিটিআই ও ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও ১৭ জন আহত হন।