ইমরানের ‘ব্যাপক প্রচারণা’ স্থগিত
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান তাঁর ‘ব্যাপক প্রচারণা’ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন। দল গোছাতে তিনি এ সিদ্ধান্ত নেন বলে গতকাল শনিবার সাংবাদিকদের জানান।করাচি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইমরান খান বলেন, ‘প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে বাঁচাতে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি পাকিস্তানের সাত কোটি দরিদ্র মানুষের জীবন সংকটে ফেলে দিয়েছেন। একজনের চুরির ঘটনা ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী সবাইকে ঝুঁকির মধ্যে ফেলছেন।’ইমরান খান আরও বলেন, ‘দুর্নীতির কারণে বর্তমানে পাকিস্তানের সাত কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। গত চার বছরে এ দেশে ৮ দশমিক ৫ ট্রিলিয়ন রুপির বেশি দুর্নীতি হয়েছে। আর এ জন্য দায়ী সরকার ও তাদের সহযোগীরা। দুর্নীতি আর কর ফাঁকি দেওয়া পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা। যদি এগুলো নিয়ন্ত্রণ করা যায় তবে দেশ সমৃদ্ধিশালী হবে।’ ডন নিউজ।