ইমিগ্রেশন প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রে মুসলিম ও অভিবাসীদের বিরুদ্ধে ‘হেইট ক্রাইম’ অস্বাভাবিক রকম বেড়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অভিবাসন প্রতারণা।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান এক বিবৃতিতে এই রাজ্যের অভিবাসীদের সম্ভাব্য প্রতারণার ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে স্নাইডারম্যান বলেন, অভিবাসন আইনজীবী অথবা সমাজকর্মীর নাম দিয়ে একদল লোক ও কোনো কোনো সংস্থা যুক্তরাষ্ট্রে অভিবাসনে আগ্রহী ব্যক্তিদের উদ্বেগ ও দুর্বলতার সুযোগ নিয়ে এক প্রতারণা ব্যবসায় লিপ্ত হয়েছে। গত কয়েক সপ্তাহে তাঁর দপ্তর এ ধরনের অসংখ্য ফোন ও প্রতিবেদন পেয়েছে। তিনি আশ্বাস দেন, যারা প্রতারণা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তাঁর দপ্তর সম্ভাব্য সব রকম ব্যবস্থা গ্রহণ করবে।
স্নাইডারম্যান জানান, নির্বাচনের পর গত দুই সপ্তাহে ইমিগ্রেশন প্রশ্নে প্রতারণার অভিযোগের সংখ্যা আগের যেকোনো সময়ের চেয়ে ছাড়িয়ে গেছে। উদাহরণ হিসেবে তিনি উত্তর ম্যানহাটনের ‘কোয়ালিশন অব ইমিগ্রেশন রাইটস’ নামক সংস্থার নাম উল্লেখ করে বলেন, নির্বাচনের পর থেকে এ পর্যন্ত তাদের কাছে প্রাপ্ত অভিযোগের পরিমাণ আগের তুলনায় ২৬৬ শতাংশ বেশি। শুধু নভেম্বর মাসে অভিযোগ নিয়ে নিজে এসে যোগাযোগ করেছেন এমন মানুষের সংখ্যা আগের তুলনায় ২৫০ শতাংশ বেশি। অধিকাংশ ক্ষেত্রেই সরকারি কর্মকর্তা সেজে এসব প্রতারক বৈধ কাগজপত্র নেই এমন অভিবাসীদের কাছ থেকে অবিলম্বে অর্থ দাবি করছে। স্নাইডারম্যান জানান, কোনো কোনো ক্ষেত্রে দেড় হাজার বা তার চেয়েও বেশি অর্থ দাবি করা হচ্ছে। দাবিকৃত অর্থ প্রদান না করা হলে তাদের অবিলম্বে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলে এই প্রতারকেরা হুমকি দিচ্ছে।
স্নাইডারম্যান কোনো অবস্থাতেই টেলিফোনে ব্যক্তিগত তথ্য, অর্থ প্রেরণ বা অভিবাসন-সংক্রান্ত কোনো নথিপত্র প্রদান না করার পরামর্শ দিয়েছেন। তিনি শুধু লাইসেন্সপ্রাপ্ত ইমিগ্রেশন আইনজীবীদের সঙ্গে অভিবাসন প্রশ্নে সাহায্য গ্রহণের পরামর্শ দিয়েছেন।