উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন পারমাণবিক চুল্লি থেকে আবার ধোঁয়া উঠতে দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, চুল্লিটি আবার চালু করা হয়েছে। একটি মার্কিন পর্যবেক্ষক প্রতিষ্ঠান ইয়ংবিয়নের এ কথিত সক্রিয়তার কথা বলেছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইউএস-কোরিয়া ইনস্টিটিউটের এ-সংক্রান্ত একটি প্রতিবেদন গত বুধবার ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে।
কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ধারণ করা ছবি বিশ্লেষণ করে প্রতিবেদনে জানানো হয়, যে পরিমাণ ধোঁয়া ওই চুল্লি থেকে বেরোচ্ছে, এতে ধারণা করা যায়, তা হয় ইতিমধ্যেই চালু করা হয়েছে, কিংবা খুব শিগগির চালু করা হবে।
কোরীয় উপদ্বীপে উত্তেজনার মধ্যে গত এপ্রিলে ইয়ংবিয়ন পারমাণবিক চুল্লি আবার চালুর হুঁশিয়ারি দিয়েছিল পিয়ংইয়ং। ওই চুল্লিতে প্লুটোনিয়াম উৎপাদন করা যায়। পারমাণবিক অস্ত্র তৈরিতে এই প্লুটোনিয়াম ব্যবহার করতে পারে উত্তর কোরিয়া। পশ্চিমি অর্থনৈতিক সাহায্য পেতে নিরস্ত্রীকরণ চুক্তির অংশ হিসেবে ২০০৭ সালের মাঝামাঝি সময় ইয়ংবিয়ন পারমাণবিক চুল্লি বন্ধ করে দেয় পিয়ংইয়ং। বিশ্লেষকদের বিশ্বাস, এর আগেই চুল্লিটিতে উৎপাদিত প্লুটোনিয়াম ব্যবহার করে চার থেকে দশটি পারমাণবিক অস্ত্র তৈরি করে উত্তর কোরিয়া। কৃত্রিম উপগ্রহে ধারণ করা গত ৩১ আগস্টের ছবি দেখে বিশ্লেষকদের ধারণা, ইয়ংবিয়ন পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ সরবরাহ করতে বাষ্পীয় টারবাইন ব্যবহার করা হচ্ছে। উত্তর কোরিয়া ২০০৬ ও ২০০৯ সালে এবং সর্বশেষ গত ফেব্রুয়ারিতে তৃতীয় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।
মার্কিন বিজ্ঞানী সিগফ্রায়েড হেকার ২০১০ সালে ইয়ংবিয়ন চুল্লি পরিদর্শন শেষে বলেছিলেন, উত্তর কোরিয়া ছয় মাসের মধ্যে ওই চুল্লিতে আবারও প্লুটোনিয়াম উৎপাদন করার সামর্থ্য রাখে। এএফপি ও বিবিসি।