ইয়েমেন উপকূলে নৌকা ডুবে ৭০ ইথিওপীয়র মৃত্যু
ইথিওপিয়ার ৭০ অভিবাসী সাগর পাড়ি দিয়ে ইয়েমেনে ঢুকতে গিয়ে নৌকাডুবিতে মারা গেছেন। ইয়েমেনের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত রোববার দুর্ঘটনার বিষয়ে জানানো হলেও কখন এটি ঘটে, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। খবর এএফপি ও বিবিসির।
ইয়েমেনের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে থাকা সবাই ছিলেন ইথিওপিয়ার নাগরিক। প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে এটি ইয়েমেনের আল-মাক্কা বন্দরের কাছে ডুবে যায়। এটি বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি।
প্রতিবছর ইয়েমেনের লোহিত সাগর পাড়ি দেয় লাখো মানুষ। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কখনো কখনো ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবহন করতে গিয়ে নৌকা ডুবে যায়। এভাবে প্রতিবছর শত শত মানুষের মৃত্যু হয়।
অবৈধভাবে সৌদি আরব বা ইউরোপের অন্যান্য দেশে যেতে ইচ্ছুক অনেকেই ইয়েমেনকে প্রবেশপথ বলে বিবেচনা করে।
চাকরি ও উন্নত জীবনের লক্ষ্যে আফ্রিকা বা অন্যান্য অনেক অঞ্চলের মানুষ যেকোনো মূল্যে এসব দেশে যেতে চায়।
এ বছরের ৩১ মে ইথিওপিয়া ও সোমালিয়ার ৬০ নাগরিক ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে মারা যায়। গত অক্টোবরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বলছে, চলতি বছরে লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেনে ঢুকতে গিয়ে দুই শতাধিক মানুষের মৃতু হয়েছে। গত তিন বছরে এই মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ। গত পাঁচ বছরে পাঁচ লাখ মানুষ সাগর পাড়ি দিয়ে বিপৎসংকুল পথে ইয়েমেন পৌঁছেছে। এদের বেশির ভাগই ইরিত্রিয়া, ইথিওপিয়া বা সোমালিয়ার নাগরিক।