দক্ষিণ ইয়েমেনে গতকাল শুক্রবার সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের তিনটি যুগপৎ হামলায় ৪৮ সেনাসহ অন্তত ৫৬ জন নিহত হয়েছে। শাবওয়া প্রদেশে সংঘটিত এসব হামলার মধ্যে দুটিতে গাড়িবোমা ব্যবহার করা হয়।
সবচেয়ে মারাত্মক হামলাটি করা হয় অঞ্চলের তেল খনিগুলোর নিরাপত্তায় স্থাপিত এক সেনাক্যাম্পে। ক্যাম্পের ফটকে সেনাদের সঙ্গে হামলাকারী জঙ্গিদের গুলিবিনিময় হয়। একপর্যায়ে এক আত্মঘাতী জঙ্গি বোমাভর্তি গাড়ি নিয়ে ফটক দিয়ে ভেতরে ঢুকে পড়ে। গাড়িটি বিস্ফোরিত হলে ৩৮ জন সেনা নিহত হয়। শাবওয়া প্রদেশের রাজধানী আতাকের একজন সরকারি কর্মকর্তা এবং সেনাসূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। প্রদেশটি আল-কায়েদার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
একই সময়ে কাছের আল-নুশাইমা এলাকায় একটি সেনাচৌকির কাছাকাছি পৌঁছে এক জঙ্গি তার গাড়িটি বিস্ফোরিত করে। এতে ১০ জন সেনার মৃত্যু হয়।
তৃতীয় ঘটনা ঘটে আল-নুশাইমার ১৫ কিলোমিটার দূরে অবস্থিত মাইফা শহরে। বন্দুকধারীরা সেখানে বিশেষ বাহিনীর একটি ক্যাম্পে হামলা করলে পুলিশের আট সদস্য নিহত হন।
ইয়েমেনের সেনা কর্তৃপক্ষের ভাষ্যমতে, গতকাল ভোরের এ তিনটি হামলাই আল-কায়েদা ইন দি অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) কাজ।
বোকো হারামের হামলা
উত্তর-পূর্ব নাইজেরিয়ায় দেশটির ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম অন্তত ৮৭ জনকে হত্যা করেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পরে গত মঙ্গলবার বেনিশেখ শহরের বাইরে তল্লাশি চৌকি বসায়। শহর ছেড়ে পালানোর চেষ্টাকালে ওই মানুষদের গুলি করে হত্যা করে তারা। এ ছাড়া জঙ্গিরা শহরটির বেশ কয়েকটি ভবন গুঁড়িয়ে দেয়।
নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, জঙ্গিরা অন্তত ২০টি পিকআপে চড়ে এসে শহরটিতে হামলা চালায়।
বোর্নোর রাজ্য গভর্নর কাশিম শেত্তিমা গত বৃহস্পতিবার বেনিশেখ শহর পরিদর্শন করেন। তিনি ওই হত্যাকাণ্ডকে বর্বরোচিত ও ইসলামের পরিপন্থী বলেও উল্লেখ করেন।
২০০২ সালে প্রতিষ্ঠিত জামায়াতু আহলেস সুন্না লিদ্দাওয়াতি ওয়াল-জিহাদ নামের সংগঠনটিকে সংক্ষেপে বোকো হারাম ডাকা হয়। তারা নাইজেরিয়ায় ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছে। বিবিসি ও এএফপি।