ইয়েমেনে জাতিসংঘের শান্তিদূতের পদত্যাগ

ইয়েমেনে জাতিসংঘের শান্তিদূত জামাল বেনোমার পদত্যাগ করেছেন। গতকাল বুধবার জাতিসংঘের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে নিজস্ব পরিকল্পনার ব্যাপারে উপসাগরীয় দেশগুলোর সমর্থন পেতে ব্যর্থ হয়ে জাতিসংঘের শান্তিদূতের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন জামাল।
মরক্কোর এই কূটনীতিক ২০১২ সাল থেকে ইয়েমেনে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল আউলদ শেখ আহমেদ।
ইয়েমেনে চলমান সংঘাতের অবসান এবং দ্রুত শান্তি আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়ে সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব গ্রহণ করে। এর পরই পদত্যাগ করলেন জামাল।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে গত ২৬ মার্চ থেকে দেশটিতে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী বিমান হামলা শুরু করে। আরব দেশগুলোর অভিযোগ, জামালকে বোকা বানিয়েছে হুতিরা।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর আরব জোট বাহিনীর হামলার পাশাপাশি বিবাদমান পক্ষের সমর্থক বিভিন্ন বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই চলছে। এতে ৭০০ জনের বেশি লোক নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় তিন হাজার মানুষ।
সশস্ত্র হুতি বিদ্রোহীরা গত সেপ্টেম্বরে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা ক্ষমতা দখল করার ঘোষণা দেয়। একপর্যায়ে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদি সৌদিতে পালিয়ে যান।