
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গতকাল বৃহস্পতিবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন।
সরকারি কর্মকর্তারা জানান, সকালে গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে রাজধানী সানার বাব আল-ইমান এলাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফটক উড়িয়ে দেওয়া হয়। এর পরপরই অন্য একটি গাড়িতে করে ভেতরে ঢুকে একদল জঙ্গি গুলি চালায়।
কর্তৃপক্ষ বলেছে, পাল্টা গুলিতে হামলাকারী জঙ্গিদের বেশির ভাগই নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গাড়িবোমা হামলা চালানো হয় সকালে অফিস সময় শুরুর কিছুক্ষণ পরই। একজন প্রত্যক্ষদর্শী বলেন, বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে মন্ত্রণালয় ভবন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
হামলাকারীরা সংখ্যায় কতজন ছিল সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।
আহত ব্যক্তিদের উদ্ধার করে মন্ত্রণালয় এলাকায়ই একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়। অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, জঙ্গিরা ওই হাসপাতালকেই হামলার লক্ষ্য করেছিল। হামলায় হাসপাতালের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়।
সরকারি কর্মকর্তাদের ওপর জঙ্গিদের হামলার পরিপ্রেক্ষিতে গত কয়েক সপ্তাহ ধরে বহাল কড়া নিরাপত্তার মধ্যেই গতকালের হামলা হলো।
এখনো কেউ এই হামলার দায়-দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা এই হামলা চালিয়ে থাকতে পারে।
ইয়েমেনের নিরাপত্তা বাহিনী আঞ্চলিক বিদ্রোহী ও আল-কায়েদার মোকাবিলা করছে। এ ছাড়া দেশটিতে আইনহীনতা ও সেনাবাহিনীর মধ্যে বিভেদের সমস্যা বিরাজ করছে।
২০১১ সালে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইয়েমেনে অস্থিরতা বিরাজ করছে। এএফপি ও বিবিসি।