ইরাক অভিযান নিয়ে অনুশোচনা নেই ব্লেয়ারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর অভিযান নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তবে গণবিধ্বংসী অস্ত্রের খোঁড়া অজুহাত থেকে সরে এখন ইরাক হামলার জন্য আরেক যুক্তি হাজির করেছেন তিনি। বলেছেন, ইরাকে তখন অভিযান চালানো না হলে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান দেখা দিত এবং পরিস্থিতি সিরিয়ার চেয়েও ভয়াবহ হতো।ইরাক আগ্রাসনের ১০ বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লেয়ার এসব কথা জানান। ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের মজুতসংক্রান্ত গোয়েন্দা তথ্যকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে ২০০৩ সালের এই দিনে অভিযান চালানো হয়েছিল।ইরাক আগ্রাসনের ব্যাপারে অনুশোচনা হয় কি না, এমন প্রশ্নের জবাবে ব্লেয়ার বলেন, ‘যে দানব হত্যাযজ্ঞ চালিয়েছে, তাকে সরিয়ে দিলে আপনি কীভাবে অনুতপ্ত হবেন।’ আগ্রাসন শুরুর পর ও ২০০৯ সালের এপ্রিলে ইরাক থেকে সর্বশেষ ব্রিটিশ সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত ১৭৯ জন ব্রিটিশ সেনা নিহত হন। এ ছাড়া আগ্রাসন ও এর পরবর্তী গোষ্ঠীগত সহিংসতায় নিহত হয় প্রায় এক লাখ ইরাকি।সাক্ষাৎকারে ব্লেয়ার বলেন, ‘সাদ্দামকে উৎখাতে ইরাকিরা অভ্যুত্থান ঘটাবে—এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত না হলে বহুজাতিক সেনারা দেশটিতে অভিযান চালাত না। আমি নিশ্চিতভাবে মনে করি, সাদ্দাম যদি এখনো ক্ষমতায় থাকতেন, তবে জনগণই অভ্যুত্থান শুরু করত। এই পরিস্থিতিতে দেশটির অবস্থা সিরিয়ার মতো, এমনকি তার চেয়েও ভয়াবহ হতো।’সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, সাদ্দাম নিজ জনগণের বিরুদ্ধেই রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছিলেন। এ জন্য তাঁকে সরিয়ে দেওয়ায় তিনি অনুতপ্ত নন। তিনি ‘গভীর ও আন্তরিকভাবে’ বিশ্বাস করেন, সাবেক ইরাকি নেতা ‘নিরাপত্তার জন্য হুমকি’ ছিলেন। বিবিসি।