ইরাক ও লিবিয়া যুদ্ধের মিল-অমিল
ইরাকের বিরুদ্ধে প্রথম উপসাগরীয় যুদ্ধের ঠিক ২০ বছর পর শুরু হয়েছে লিবিয়া যুদ্ধ। ইরাক যুদ্ধের মতো এ যুদ্ধ নিয়েও বিশ্বজুড়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। আর এই দুই যুদ্ধের মধ্যে অনেকে মিল-অমিল খোঁজার চেষ্টা করছেন।১৯৯১ সালে প্রথম ইরাক যুদ্ধের সূচনা হয়েছিল সাদ্দাম হোসেনের কুয়েত আগ্রাসনের মধ্য দিয়ে। ইরাককে কুয়েত থেকে হটানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তখন প্রস্তাব পাস করে। এতে সমর্থন দেয় আরব দেশগুলোও। ইরাকের বিরদ্ধে সে সময় হামলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অংশ নেয় ৩৪টি দেশ। দীর্ঘদিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরাকের বিরুদ্ধে শুরু করা হয় স্থলযুদ্ধ। এতে ইরাক পরাজিত হয়। সাদ্দাম হোসেন কুয়েত ছেড়ে আসতে বাধ্য হন। সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে সে সময় যৌথ বাহিনীর সেনারা ট্যাংকসহ ভারী অস্ত্রশস্ত্রসহ স্বল্প সময়ের জন্য বাগদাদের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেলেও নানা দিক বিবেচনা করে তাঁরা পিছিয়ে যান। সে যাত্রায় টিকে যান সাদ্দাম হোসেন। তবে তিনি যেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারেন, সে জন্য দেশটির ওপর কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ। দক্ষিণে শিয়া ও উত্তরে কুর্দি এলাকায় আরোপ করা হয় নো-ফ্লাই জোন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ইরাক যুদ্ধে জড়িয়ে ছিলেন মূলত ইরাকে ক্ষমতার পালা বদলের জন্য। পরবর্তী সময়ে তাঁর ছেলে জর্জ ডব্লিউ বুশ বাবার সেই ইচ্ছা পূরণ করেন। ২০০৩ সালে মিত্রদের নিয়ে ইরাকে হামলা চালান। স্বল্প সময়েই দুর্বল ইরাকি বাহিনীকে প্রতিরোধ করে গোটা ইরাক দখল করে নেন। ক্ষমতায় বসানো হয় যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট সরকার। এ সরকার পরে সাদ্দাম হোসেন ও তাঁর সহযোগীদের ফাঁসিতে ঝোলায়। ইরাকে নতুন প্রজন্মকে ক্ষমতায় আনার মার্কিন স্বপ্ন পূরণ হয়।প্রথম ইরাক যুদ্ধের দুই দশক পর লিবিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে, তার নেতৃত্বও দিচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও এবার যুক্তরাষ্ট্র চাইছে, যুদ্ধের কমান্ড হস্তান্তর করতে ন্যাটো কিংবা ইউরোপীয় কোনো দেশের কাছে। এবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনেই হামলা চালানো হচ্ছে দেশটির ওপর। আরোপ হয়েছে নো-ফ্লাই জোন। তবে ইরাক যুদ্ধের মতো এবার আন্তর্জাতিক ও আরব বিশ্বের সমর্থন তত জোরালো নয়। এবারের যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্রের সংখ্যা খুব কম। যুদ্ধ নিয়ে আরব দেশগুলোর মধ্যে মতভেদের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ন্যাটোও বিভক্ত হয়ে পড়েছে। রাশিয়া, চীন ও ভারত সরাসরি এ যুদ্ধের বিরোধিতা করেছে। লিবিয়া যুদ্ধে ব্রিটেন, ফ্রান্স, স্পেন প্রত্যক্ষভাবে মদদ জোগাচ্ছে যুক্তরাষ্ট্রকে। আগের মতো এবারও যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য লিবিয়ায় ক্ষমতার পালা বদল। চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে টেনে নামানো। ইরাকে দীর্ঘদিন নো-ফ্লাই জোন আরোপ করে রাখা হয়েছিল সেখানকার শিয়া ও কুর্দিদের রক্ষার জন্য। এবার লিবিয়ায় নো-ফ্লাই জোন আরোপ করা হয়েছে লিবিয়ার বিদ্রোহীদের রক্ষার জন্য। তবে ইরাক যুদ্ধের মতো এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে কি না, সে ব্যাপারে প্রশ্ন দেখা দিয়েছে। এ প্রশ্নের উত্তর পাওয়া গেছে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্সের কথায়। তিনি জানিয়েছেন, ইরাক আর লিবিয়া এক নয়। ইরাকের সম্পদ, সেনাবাহিনী ও বিমানবাহিনী ছিল বিশাল। লিবিয়া এর ধারেকাছেও নেই। এএফপি।