ইরাক থেকে প্রাচীন সভ্যতার নিদর্শন লোপাট
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন ইরাক অভিযানে সে দেশে এক বিরাট ক্ষতি হয়েছে শিল্প-সংস্কৃতির ভুবনে। তা হচ্ছে প্রাচীন সভ্যতার অনেক নিদর্শন চুরি ও লুট হওয়া। জোট বাহিনী ইরাক দখলের পর যে অরাজকতা দেখা দেয়, এই সুযোগে একশ্রেণীর সুবিধাবাদী ও স্বার্থান্বেষী মানুষ প্রাচীন সভ্যতার এসব নিদর্শনে থাবা বসায়। সার্বিকভাবে খতিয়ে দেখলে এই চুরি ও লুটপাটে কেবল ইরাকেরই ক্ষতি হয়নি, গোটা বিশ্বই এ ক্ষতির শিকার। আন্তর্জাতিক সাংস্কৃতিক বিশেষজ্ঞরা এই ক্ষতিকে রক্তক্ষরণের সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে তাঁরা হুঁশিয়ার করেছেন, ইরাক থেকে প্রাচীন সভ্যতার মূল্যবান নিদর্শন খোয়া যাওয়ার আশঙ্কা এখনো রয়েছে। ইরাক থেকে এ পর্যন্ত কী পরিমাণ মূল্যবান শিল্প ও প্রাচীন বস্তু খোয়া গেছে, এর সঠিক হিসাব পাওয়া মুশকিল। কারণ এসব শিল্প ও প্রাচীন জিনিস বেশির ভাগই যথাযথ নথিতে তালিকাভুক্ত নয়। তবে ২০০৩ সালের এক হিসাবে দেখা যায়, ইরাকের জাতীয় জাদুঘর থেকে প্রাচীন সভ্যতার প্রায় ১৫ হাজার নিদর্শন খোয়া গিয়েছিল। এর মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ উদ্ধার করা হয়। বিশেষজ্ঞদের ধারণা, দেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলো থেকে আরও শত শত প্রাচীন নিদর্শন লুট হয়েছে, যার কোনো হিসাব নেই। এসব নিদর্শন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্বের সারিতে ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা জন রাসেল বলেন, লুট হওয়া এসব জিনিসের সঠিক সংখ্যা বলা মুশকিল। লুটেরার দল যে যার মতো এসে প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে মাটি খুঁড়ে যা পেয়েছে নিয়ে গেছে। এসব জিনিস যখন পুলিশ বাজেয়াপ্ত করে বা ব্যবসায়ীদের চালানে ধরা পড়ে, তখনই কেবল এসব নিদর্শন সম্পর্কে জানা যায়। এমন একটি চালান ধরা পড়ে নিউইয়র্কের শুল্ক বিভাগের কর্মকর্তাদের হাতে। এতে বেশ কিছু কীলকাকার লিপিফলক পাওয়া যায়। ফলকে প্রাচীনতম লিখন পদ্ধতিগুলোর একটির নিদর্শন রয়েছে। ইরাক থেকে খোয়া যাওয়া শিল্প ও প্রাচীন নিদর্শনের মধ্যে এক যুক্তরাষ্ট্রেই ধরা পড়েছে এক হাজার ৫৪টি জিনিস। এ বছরের শুরুতে প্রাচীন ইরাকের বেশ কিছু স্বর্ণালংকার ধরা পড়ে, যা ‘ট্রেজারস অব নিমরুদ’ নামে পরিচিত। এর মধ্যে দুই হাজার ৮০০ বছর আগের নিউ-অ্যাসিরিয়া যুগের এক জোড়া কানের গয়না রয়েছে। ইরাকের জাতীয় জাদুঘরের সাবেক পরিচালক ডনি জর্জ ইউখান্না বলেন, এটি ইরাকের সমস্যা। নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে ইরাকি জনগণ ও সরকারকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। বিবিসি।