ইরাক পুলিশি রাষ্ট্রে পরিণত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, ইরাক কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্র দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা করছে—এমন দাবি সত্ত্বেও ক্রমেই দেশটি পুলিশি রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে।গতকাল রোববার নিউইয়র্ক-ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থার (এইচআরডব্লিউ) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সংস্থাটির মধ্যপ্রাচ্যবিষয়ক পরিচালক সারাহ লি হুইটসন বলেন, ‘ইরাক দ্রুতই কর্তৃত্ববাদী রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। দেশটির নিরাপত্তা বাহিনী প্রতিবাদকারীদের সঙ্গে অন্যায় আচরণ করছে। হয়রানি করছে সাংবাদিকদের এবং বন্দীদের ওপর নির্যাতন চালাচ্ছে। যুক্তরাষ্ট্র সেখানে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তার প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা হচ্ছে, দেশটি ক্রমেই পুলিশি রাষ্ট্রে পরিণত হচ্ছে।’ এইচআরডব্লিউর তথ্য অনুযায়ী বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থানের মধ্যে ইরাক অন্যতম। সেখানে নারী অধিকার এখনো প্রান্তিক পর্যায়ে এবং বেসামরিক নাগরিকেরা বোমা হামলায় চরম মাশুল দিচ্ছেন। এইচআরডব্লিউর প্রতিবেদনে আরও বলা হয়, ২০১১ সালে দেশটিতে চরমভাবে বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। জনসমাবেশ করার ক্ষেত্রে ভীতি প্রদর্শন করা হয়েছে এবং রাজনৈতিক কর্মী, সাংবাদিক ও আন্দোলনকারীদের মারধর ও আটক করা হয়েছে।প্রধানমন্ত্রী মালিকি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিবেদনটিতে বলা হয়, প্রতিবেদনটি প্রকাশের এক বছর আগে থেকেই ইরাকজুড়ে হাজার হাজার মানুষ রাজপথে সরকারের দুর্বল সেবাকাঠামো ও সুশাসনের দাবিতে বিক্ষোভ করে আসছে। স্বৈরশাসক সাদ্দাম হোসেনকে হটাতে নয় বছর আগে ইরাকে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর দেশটির নিয়ন্ত্রণভার কার্যত তাদের হাতেই ছিল। গত বছর ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ইরাক থেকে তার সেনাবাহিনী প্রত্যাহার করে। এএফপি।