ইরাক যাচ্ছে মার্কিন সেনাদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদের দিকে এগিয়ে যাচ্ছে সুন্নি জঙ্গিরা৷ এ সময় পথে বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে৷ এদিকে, বাগদাদের মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তায় ৩০০ সেনাসদস্যের একটি দল ইরাকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র৷ খবর এএফপি, রয়টার্স, এপি ও বিবিসির৷
সুন্নি জঙ্গিরা ইতিমধ্যে ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের শিয়া অধ্যুষিত শহর তাল আফারের অধিকাংশ এলাকার দখল নিয়েছে৷ এ সময় সংঘর্ষে ৫০ জন বেসামরিক মানুষ নিহত হয়৷ প্রাদেশিক পরিষদের উপপ্রধান নুরিদ্দিন কাবালান গতকাল মঙ্গলবার বলেন, জঙ্গিরা তাল আফারসহ আশপাশের কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে৷ সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে কেবল বিমানবন্দর এলাকা৷
জঙ্গিরা মসুল ও তিকরিত শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি বাগদাদ অভিমুখে অনেক দূর এগিয়ে গেছে৷ বাগদাদ থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে বাকুবা শহরের কয়েকটি অংশ বিদ্রোহীদের দখলে চলে গেছে৷ তবে নিরাপত্তা বাহিনী শহর নিজেদের দখলে থাকার দাবি করেছে৷
বিশ্লেষকেরা বলছেন, দাইয়ালা প্রদেশের রাজধানী বাকুবার পূর্ণ নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে চলে গেলে তারা নির্বিঘ্নে মহাসড়ক ধরে বাগদাদে পৌঁছে যেতে পারবে৷ বাগদাদের উত্তরাঞ্চলে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে কয়েক দিন ধরে লড়াই চলছে৷
বাগদাদের পশ্চিমে আনবার প্রদেশের ফাল্লুজা শহরের কাছে সুন্নি জঙ্গিরা গুলি করে একটি সরকারি হেলিকপ্টার ভূপাতিত করেছে৷ তারা দাবি করছে, সেখানে সেনাবাহিনীর বেশ কয়েকটি ট্যাংক ধ্বংস করা হয়েছে৷ এ ছাড়া, প্রাদেশিক রাজধানী রামাদির কাছে একটি সামরিক ঘাঁটি থেকে সেনারা পালিয়ে গেছে৷
ইরাকে মার্কিন সেনা পাঠানোর উদ্যোগ: বাগদাদে দূতাবাস কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে মার্কিন সরকার ২৭৫ জন সেনা পাঠাচ্ছে৷ প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে এক চিঠিতে লিখেছেন, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ওই মার্কিন সেনারা ইরাকে থাকবে৷
প্রেসিডেন্ট ওবামা পরিবারের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে গত সোমবার ওয়াশিংটনে ফিরে জাতীয় নিরাপত্তাবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন৷ তাঁকে এখন ইরাকের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত িনতে হবে৷
২০০৩ সালে ইরাকে মার্কিন অভিযানের বিরোধিতা করেছিলেন ওবামা৷ অবশ্য এবারের পরিস্থিতি ভিন্ন৷ ইরাকে যুদ্ধের লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা আপাতত নেই৷ কিন্তু সেখানে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) পাঠানো হতে পারে৷ তবে পরিস্থিতি অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে৷
এদিকে, ইরাকজুড়ে আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গিদের তৎপরতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আঞ্চলিক নিরাপত্তাহীনতার হুমকি নিরসনে প্রতিবেশী রাষ্ট্র ইরানের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে যুক্তরাষ্ট্র৷
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরা এবং উত্তরাঞ্চলীয় ইরবিল শহরের কূটনৈতিক দপ্তর (কনস্যুলেট) থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া হবে৷
ইরাক পরিস্থিতির অবনতির কারণে উপসাগরীয় অঞ্চলে ইতিমধ্যে বিমানবাহী মার্কিন রণতরি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং আরও দুটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে৷