ইরাক যুদ্ধ শুরুর পর পদত্যাগ করতে চেয়েছিলেন ব্লেয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন নেতৃত্বে ইরাক যুদ্ধে অংশ নেওয়ায় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। ওই যুদ্ধের নৈতিকতার প্রশ্নে একপর্যায়ে মানসিক চাপের মুখে ভেঙে পড়েন তিনি। হতাশ হয়ে শেষমেশ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্লেয়ার এ কথা তত্কালীন অর্থমন্ত্রী গর্ডন ব্রাউনকে জানিয়ে দিয়েছিলেন। দি অবজারভার পত্রিকা গতকাল রোববার এ তথ্য দিয়েছে।ধারাবাহিকভাবে প্রকাশিত সাংবাদিক অ্যান্ড্রু রনসলের লেখা একটি বইয়ের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, ইরাক যুদ্ধবিরোধী তীব্র সমালোচনার মুখে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন ব্লেয়ার। পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে কয়েকবার হতভম্ব হয়ে পড়েন তিনি। ক্রমাগত চাপের মুখে ব্লেয়ার তখন ভেবে পাচ্ছিলেন না, তাঁর কী করা উচিত।অ্যান্ড্রু রনসলের লেখা দি এন্ড অব দ্য পার্টি বইয়ের এক অংশে বলা হয়, গর্ডন ব্রাউনসহ লেবার দলেরই বেশ কয়েক জন নেতা দাবি করছিলেন, ইরাক যুদ্ধে ব্রিটেনের জড়িয়ে পড়া ঠিক হয়নি। ইরাকে নিরীহ বেসমারিক লোকদের হত্যা করা হচ্ছে। এটা অন্যায় যুদ্ধ। এ অন্যায় যুদ্ধের দায় কাঁধে নিয়ে ব্লেয়ারকে পদত্যাগ করতে হবে। চাপের মুখে দ্বিতীয় মেয়াদের মাঝামাঝি সময় পদত্যাগের কথা ভাবছিলেন ব্লেয়ার। গর্ডন ব্রাউনের দাবির মুখে নতি স্বীকার করে দ্বিতীয় মেয়াদের মাঝামাঝি সময় ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিলেন।বইটিতে উল্লেখ করা হয়েছে, টনি ব্লেয়ার ২০০৩ সালের নভেম্বরে এক নৈশভোজে গর্ডন ব্রাউন ও তত্কালীন উপপ্রধানমন্ত্রী জন প্রেসকটকে স্পষ্ট করে জানিয়ে দেন, পরবর্তী গ্রীষ্মে ক্ষমতা থেকে তিনি সরে দাঁড়াবেন। পরে ২০০৪ সালের বসন্তে প্রেসকটকে টেলিফোনে আবারও তাঁর পদত্যাগের সিদ্ধান্তে অটল থাকার কথা জানান ব্লেয়ার।বইটিতে ইরাকে ব্লেয়ারের বিশেষ দূত ও জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত জেরেমি গ্রিনস্টক বাগদাদে তাঁর দায়িত্ব পালন শেষে সবকিছু কীভাবে ব্লেয়ারকে অবহিত করেছিলেন, সেসবও তুলে ধরা হয়। রনসলে বলেন, গ্রিনস্টক জানতেন ইরাক নিয়ে তাঁর নৈরাশ্যজনক পর্যালোচনা ব্লেয়ারের কার্যালয়ে তাঁকে কী রকম নিন্দার মুখে পড়তে হবে। ব্লেয়ারের কার্যালয়ের অনেকেই তাঁকে প্রধানমন্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাইতেন। কারণ ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বিপর্যস্ত নৈতিক অবস্থানের ওপর গ্রিনস্টকের পর্যালোচনা আরও নেতিবচাক প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা করছিলেন সহকর্মীরা। বইটিতে আরও বলা হয়, গ্রিনস্টক ব্লেয়ারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, ইরাক পরিস্থিতি অবিশ্বাস্য রকম খারাপ এবং সামনের মাসগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। গ্রিনস্টক তাঁর প্রতিবেদন পেশ করে যখন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের কার্যালয় ত্যাগ করেন, তখন ব্লেয়ার শুধু শূন্য হাত-পা ছুড়ছিলেন। কখনো নিজের চুল নিজেই টেনে ধরছিলেন।তত্কালীন সরকারবিষয়ক পরিচালক স্যালি মরগ্যান সাংবাদিক অ্যান্ডু রনসলেকে জানান, মার্কিন নিয়ন্ত্রণাধীন ইরাকের আবু গারাইব কারাগারে বন্দী নির্যাতনের বীভত্স ছবি বিশ্ব গণমাধ্যমে প্রচার ও প্রকাশ পাওয়ার পর টনি ব্লেয়ার সবচেয়ে বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।শেষমেশ স্ত্রী চেরি ব্লেয়ারের উত্সাহে তাঁর হারানো মনোবল ফিরে পান টনি ব্লেয়ার। অন্ধকার দিনের অস্থির পরিস্থিতি সামলে নিতে সক্ষম হন এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তিনি। এ সময় লড়াই চালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নেন। জিনিউজ অনলাইন।