ইরাকে দীর্ঘ প্রায় নয় বছরের সংঘাতে এক লাখ ৬২ হাজার মানুষ নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের প্রায় ৮০ শতাংশই বেসামরিক নাগরিক। আর বাগদাদ হচ্ছে দেশের সবচেয়ে বিপজ্জনক শহর। গতকাল সোমবার ব্রিটেনের একটি বেসরকারি সংস্থা এ তথ্য প্রকাশ করেছে।২০০৩ সালে আমেরিকার নেতৃত্বাধীন বাহিনী ইরাকে সামরিক হামলা চালায়। গত বছরের ডিসেম্বরে সে দেশ থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র।সহিংসতায় ইরাকের নয় হাজার ১৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সংঘাতে মার্কিন সেনা, ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্য ও বহুসংখ্যক বিদ্রোহীও নিহত হয়েছে। মোট চার হাজার ৪৭৪ জন মার্কিন সেনা ইরাকে দায়িত্ব পালনকালে বিভিন্ন সহিংস ঘটনায় নিহত হয়। ব্রিটিশ সংস্থা ইরাক বডি কাউন্টের তথ্য অনুযায়ী, ২০০৬ সালের শেষের দিকে ইরাকে সহিংসতা চরম আকার ধারণ করে। ২০০৮ সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় একই অবস্থা বিরাজ করে।ইরাক বডি কাউন্ট (আইবিসি) এক বিবৃতিতে বলেছে, ইরাকে এক লাখ ১৪ হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে, যা মোট সংখ্যার ৮০ শতাংশের কাছাকাছি। এএফপি।