ইরাক যুদ্ধে সমর্থন ভুল ছিল: হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

ইরাকে মার্কিন অভিযানে সমর্থন দেওয়া ভুল ছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন৷ নিজের ওই ‘ভুলের’ জন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি৷ খবর এএফপির৷
নিজের স্মৃতিকথা হার্ড চয়েসেস-এ এ কথা লিখেছেন হিলারি৷ আগামী মঙ্গলবার প্রকাশিত হবে বইটি৷ এর কয়েকটি অনুচ্ছেদ ফাঁস হয়েছে উল্লেখ করে মার্কিন সংবাদ সংস্থা সিবিএস নিউজ গত বৃহস্পতিবার জানায়, ইরাক যুদ্ধ, বেনগাজি হামলা, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, ইউক্রেনে রুশ অভিযান, অারব বসন্তের পরিণাম প্রভৃতি প্রসঙ্গ নিয়েও লিখেছেন হিলারি৷
২০০২ সালে সিনেটর হিসেবে ইরাক অভিযানের প্রস্তাবে সমর্থন দেওয়ার বিষয়ে হিলারি লিখেছেন, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আমি ওই সিদ্ধান্ত নিয়েছিলাম৷ তবে আমি একাই ভুল করিনি৷ কিন্তু এখন বুঝতে পারি, ওটা ভুল ছিল৷ ব্যাপারটা সহজ এবং স্পষ্ট৷’
২০০৯ সালে বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান হিলারি৷ এ সময় পররাষ্ট্রনীতি নিয়ে ওবামার সঙ্গে তাঁর মতভেদ ছিল বলে জানিয়েছেন তিনি৷ এর মধ্যে সিরিয়া নিয়ে মতভেদ ছিল বেশ জোরালো৷ দেশটির বিদ্রোহীদের হাতে আগেই অস্ত্র তুলে দেওয়ার পক্ষপাতী ছিলেন হিলারি৷
সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, বিদ্বেষপূর্ণ সমস্যাগুলোর সঠিক সমাধান খুব কমই পাওয়া যায়৷ তাঁর মনে হয়েছিল, সিরিয়ার উদারপন্থী বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ প্রদানই হবে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে ভালো উপায়৷ এ ক্ষেত্রে সক্রিয়তা ও নিষ্ক্রিয়তা উভয় ব্যাপারেই উচ্চ ঝুঁকি ছিল৷ তবে বিদ্রোহীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চাননি প্রেসিডেন্ট ওবামা৷